সিলেটে কারা তত্ত্বাবধায়কসহ চারজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সিলেট কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক টিপু সুলতানসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সিলেটের বিশেষ জজ আদালতে গতকাল বৃহস্পতিবার এ মামলা করেন সিলেট থেকে বদলি হওয়া কারারক্ষী মো. রোমান খান। মামলার বাদীর আইনজীবী আবদুল মুকিত জানান, দুর্নীতি দমন আইনের ৫-(২) ধারায় মামলাটি গতকালই (বিশেষ মামলা ৩১) আদালত আমলে নিয়েছেন। মামলার শুনানির জন্য ২৬ নভেম্বর তারিখ ধার্য করা হয়েছে। মামলায় কারা তত্ত্বাবধায়ক ছাড়াও সিলেট কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মুজিবুর রহমান, সিলেট প্রধান ডাকঘরের সহকারী জেনারেল পোস্টমাস্টার মো. আবদুল্লাহ ও সিলেটের কুদরত উল্লাহ মার্কেটের সোমা কম্পিউটার অ্যান্ড ফটোস্ট্যাটের অপারেটরকে আসামি করা হয়েছে। মামলায় বাদী অভিযোগ করেন, গত ৬ ফেব্রুয়ারি তিনি (বাদী) সিলেট কারাগারে কারারক্ষী (নম্বর ২২৫০২) পদে যোগ দেন। যোগ দেওয়ার পর থেকে কারা তত্ত্বাবধায়ক ও কারাধ্যক্ষের নানা রকম বেআইনি কর্মকাণ্ড প্রত্যক্ষ করেন। এ কর্মকাণ্ডের কারণে ২১ মে সিলেটে কেন্দ্রীয় কারাগারে বন্দীরা ‘বিদ্রোহ’ করেন। প্রধানমন্ত্রী সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলে বাদী এতে অনুপ্রাণিত হয়ে কারাগারে টিপু সুলতান ও মুজিবুর রহমানের দুর্নীতির তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। কুদরত উল্লাহ মার্কেটের সোমা কম্পিউটারে তিনি এ বিষয়ে একটি আবেদনপত্র কম্পিউটারে কম্পোজ করে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে আটটি চিঠি পাঠাতে সিলেট প্রধান ডাকঘরের ১ নম্বর ডাক বাক্সে ফেলেন। মামলায় ডাকঘরের সহকারী জেনারেল পোস্টমাস্টার ও সোমা কম্পিউটার অ্যান্ড ফটোস্ট্যাট নামের দোকানের অপারেটরকে আসামি করার কারণ সম্পর্কে বাদী উল্লেখ করেন, কম্পিউটার কম্পোজ করা আবেদন কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন ওই অপারেটর। অন্যদিকে চিঠি গন্তব্যে না দিয়ে কারা কর্তৃপক্ষের কাছে দেওয়ায় সহকারী জেনারেল পোস্টমাস্টারকে আসামি করা হয়। বাদী মো. রুমন খান প্রথম আলোকে জানান, গত ২৪ সেপ্টেম্বর কারা তত্ত্বাবধায়কের দপ্তরে তাঁকে তলব করে আটটি চিঠি দেখিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এরপর তাঁকে সিলেট থেকে কক্সবাজার কারাগারে বদলি করা হয়। মামলার প্রসঙ্গে যোগাযোগ করলে সিলেট কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক টিপু সুলতান প্রথম আলোকে বলেন, ‘দায়িত্বে অবহেলা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচারে লিপ্ত থাকায় তাঁর (বাদী) বিরুদ্ধে প্রায় তিন মাস আগে বিভাগীয় মামলা হয়েছে। এ কারণে তাঁকে প্রায় দুই মাস আগে কক্সবাজারে বদলি করা হয়েছে। তাই ক্ষুব্ধ হয়ে সে মামলা করেছে।’:nমাদক নির্মূলে প্রশাসনের সহযোগিতা চেয়ে মানববন্ধন