সিলেটে কারাগার পরিদর্শনে অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জুন-জুলাইয়ে সিলেট কেন্দ্রীয় কারাগার নগরের কেন্দ্রস্থল থেকে বাদাঘাটে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সোমবার মহানগরের জালালাবাদ থানা এলাকার বাদাঘাটে নির্মাণাধীন নতুন কারাগার পরিদর্শন করে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, স্থানান্তরের পর পুরোনো কারাগারের জায়গাটি হবে নগরের ফুসফুস। সেখানে সেন্ট্রাল পার্ক করার পরিকল্পনা হয়েছে। একটি নামও ঠিক করা হয়েছে। এ নাম এখন নয়, পরে জানানো হবে।
গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশল বিভাগ জানায়, ২০১২ সালের জুলাই থেকে বাদাঘাটে নতুন কারাগার নির্মাণকাজ শুরু হয়। ১৯৭ কোটি টাকা ব্যয়ে ৬৪টি ভবনের মধ্যে ২৮টি বহুতল ও বাকিগুলো একতলা ভবন নির্মাণ করা হয়। কারাগারসংশ্লিষ্ট এলাকায় আবাসনও গড়ে তোলা হয়। গত তিন বছরে ৮০ ভাগ কাজ শেষ হওয়ার পর গতকাল অর্থমন্ত্রী সর্বশেষ পর্যায়ের কাজ পরিদর্শন করেন।
অর্থমন্ত্রী গতকাল বেলা আড়াইটার দিকে হেলিকপ্টারে ঢাকা থেকে সরাসরি বাদাঘাটে কারাগার এলাকায় যান।