সিলেটে কারাগারের মাটি ভরাটের কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে হামলা চালিয়ে কেন্দ্রীয় কারাগারের মাটি ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। হামলাকারীদের মারধরে মাটি ভরাটের কাজে নিয়োজিত ঠিকাদারের দুজন কর্মচারী আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হামলার পর থেকে মাটি ভরাটের কাজ বন্ধ রয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে রাতে ঘটনাস্থলে একদল পুলিশ অবস্থান নিয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, সিলেট সদর উপজেলার বাদাঘাট এলাকায় সিলেট কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের জন্য মাটি ভরাটের কাজ শুরু হয়। গতকাল দুপুরে গণপূর্ত বিভাগের প্রকৌশলী দল প্রকল্প এলাকা পরিদর্শন করে ফেরার পরই ওই এলাকার বাসিন্দা জেলা আওয়ামী লীগের সুজাত আলী রফিকের নেতৃত্বে স্থানীয় একদল লোক প্রকল্প এলাকায় অবস্থান নেন। সন্ধ্যা সাতটার দিকে ওই দলটি মাটি ভরাটে নিয়োজিত ড্রেজার বন্ধ রাখতে বলে। এদের কথা না মানায় ক্ষুব্ধ হয়ে তারা ড্রেজিংয়ে নিয়োজিত দুই কর্মী নজরুল ইসলাম (৩০) ও হামজু মিয়াকে (৩৫) মারধর শুরু করে। তাঁদের চিৎকার শুনে এলাকাবাসী প্রকল্প এলাকায় গেলে হামলাকারীরা ড্রেজিং মেশিন ভাঙচুর করে ঘটনাস্থল ত্যাগ করে। এলাকাবাসী আহত দুজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে পুলিশে খবর দেন।সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, হামলার খবর পেয়ে তিনিসহ একদল পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। ড্রেজিংয়ে নিয়োজিত দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।গণপূর্ত অধিদপ্তর সিলেটের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, কেন্দ্রীয় কারাগার প্রকল্পের প্রথম ধাপে প্রায় আট কোটি টাকার মাটি ভরাট করতে ‘মোহাম্মদ ইউনুছ অ্যান্ড ব্রাদার্স প্রা. লি.’ নামে একটি প্রতিষ্ঠানকে ঠিকাদার নিয়োগ করা হয়। ওই প্রতিষ্ঠানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামছুর রহমান চৌধুরীর উপস্থিতিতে কাজ শুরু হলে গতকাল গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ স্থানীয় প্রকৌশলীরা কাজ পরিদর্শন করে আসেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শামছুর রহমান চৌধুরী জানান, গতকাল গণপূর্ত বিভাগ পরিদর্শন শেষে আওয়ামী লীগের সুজাত আলী রফিকসহ স্থানীয় ইউপি সদস্য আবদুর রউফ তাঁদের কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ টাকা দিতে অসম্মতি জানানোয় সন্ধ্যায় হামলা করা হয়।আওয়ামী লীগের নেতা সুজাত আলী রফিক হামলার কথা স্বীকার করলেও তাঁর সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন। তিনি জানান, যেখান থেকে মাটি তোলা হচ্ছে, সেখানকার মালিকানা নিয়ে বিরোধ থাকায় হামলা হয়েছে। তবে বিষয়টি নিষ্পত্তি করতে তিনি ঘটনাস্থলে আছেন বলে জানান।