বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে সিলেটে ডাকা কাল বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল সফল করার আহ্বান জানিয়েছে সিলেট বিএনপির ১৩টি সাংগঠনিক কমিটি। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানানো হয়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ গত শনিবার এ হরতালের ডাক দেয়।
বিএনপির ১৩টি সাংগঠনিক কমিটির দেওয়া যৌথ বিবৃতিসংবলিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব ষড়যন্ত্র বন্ধ এবং সিলেট বিভাগের কৃতী সন্তান এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালনে জনগণ এককাট্টা।
যৌথ বিবৃতিতে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি এ টি এম ফয়েজ, সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম, সিলেট সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহীদ আহমদসহ বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির নেতারা স্বাক্ষর করেন।