সিলেটে কীর্তন চলাকালে ককটেল নিক্ষেপ, বিক্ষোভ
সিলেটের জিন্দাবাজারে শ্রীশ্রী জগন্নাথ জিউড় আখড়ায় কীর্তন চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত বৃহস্পতিবার রাত ১টা ৪০ মিনিটের দিকে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরিত হয়।
পুলিশ জানায়, ককটেল বিস্ফোরণের সময় মন্দিরে অষ্টপ্রহর কীর্তন চলছিল। গেটের বাইরে থেকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে, যা নাটমন্দিরের কাছে গিয়ে বিস্ফোরিত হয়। এ সময় কীর্তনে আসা ভক্তদের মনে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কীর্তন কার্যক্রম বন্ধ হয়নি।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন, কারা ছুড়েছে ককটেল, এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা দেখে শনাক্ত করার চেষ্টা চলছে।
এ ঘটনার প্রতিবাদে সিলেট নগরে গতকাল শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মহানগর শাখা। জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় প্রতিবাদ সমাবেশও হয়। মহানগর পূজা উদ্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় সমাবেশে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মৃত্যুঞ্জয় ধর, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ভট্টাচার্য, মহানগর বিএনপির সহসভাপতি সুদীপ রঞ্জন সেন, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, কীর্তন চলাকালে ককটেল বিস্ফোরণ একটি পরিকল্পিত হামলা। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য এটি করা হয়েছে। এর পেছনে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।