সিলেটে কৃষক নেতা জামালের মুক্তির দাবি
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. জামাল মিয়ার মুক্তির দাবিতে গতকাল রোববার জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপিতে সিলেট জেলা কমিটির নেতারা অভিযোগ করেছেন, ভূমিদস্যুদের প্ররোচনায় পুলিশ কৃষকনেতাকে ডাকাত বানিয়েছে।
গত শুক্রবার সিলেটের বিমানবন্দর থানার পুলিশ কালাগুল চা-বাগান এলাকার মাখরখলার নিজ বাড়ি থেকে মো. জামালকে গ্রেপ্তার করে। বিমানবন্দর থানার পুলিশ জানায়, জামালের বিরুদ্ধে ডাকাতির একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির অভিযোগ, ষড়যন্ত্র করে তাঁকে হয়রানি করা হচ্ছে।
গতকাল জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী। এতে বলা হয়, চাষযোগ্য জমিতে আবাসন কোম্পানি করা ও চাষযোগ্য জমির সংখ্যা কমে যাওয়ায় আন্দোলন করছে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘লোকটি কোনো কৃষকনেতা নন। আমরা যাবতীয় প্রমাণ নিয়েই তাঁকে গ্রেপ্তার করেছি।’