সিলেটে কোচিং সেন্টারের পরিচালক অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের চৌহাট্টায় ‘সেন্টার ফর ইন্টারমিডিয়েট ফিজিকস অ্যান্ড কেমিস্ট্রি (সিআইপিসি)’ নামের একটি কোচিং সেন্টার বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করার নামে প্রায় দুই লাখ টাকা আত্মসাৎ করেছে, অভিযোগ তুলে প্রতিষ্ঠানের পরিচালককে গতকাল বুধবার সকাল ১০টা থেকে ছয় ঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
ওই শিক্ষার্থীদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করার কথা বলে দুই শতাধিক শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। কিন্তু কোনো শিক্ষার্থীর আবেদন যথাযথভাবে পূরণ করা হয়নি। ১৮ সেপ্টেম্বর ভর্তিপ্রক্রিয়া শেষ হওয়ার পর বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে গতকাল কোচিং সেন্টারের সামনে জড়ো হয়ে পরিচালককে তাঁর দপ্তরে অবরোধ করে রাখেন। পরে তাঁদের অভিভাবকেরা পরিচালকের সঙ্গে কথা বলে বিষয়টি মিটমাট করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হন।
পরিচালক আনোয়ার হোসেন শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ করেননি দাবি করে বলেন, অনলাইনে আবেদন করার সময় সার্ভারে ত্রুটির কারণে আবেদন পৌঁছাতে পারেনি।