সিলেটে ক্রমিক ভূকম্পন: আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান
ভূকম্পনে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সিলেট নগরে প্রচারণা চালাচ্ছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার মাইকিং করে এই আহ্বান জানানো হয়। পাশাপাশি সিলেট মহানগর যুবলীগও একই প্রচারণা চালিয়ে লিফলেট বিতরণ করেছে।
এক সভা শেষে বেসরকারি হাসপাতালের মালিকদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগ হলে তারা সাধারণ মানুষদের বিনা মূল্যে চিকিৎসা দেবে।
আজ মঙ্গলবার বেলা দুইটায় সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে ভূমিকম্পে করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করা হয়। আতঙ্কিত না হয়ে করণীয় সম্পর্কে জনগণকে সচেতন করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে নির্দেশনাসংবলিত যে লিফলেট প্রকাশিত হয়েছে, তা বিতরণ করেছে যুবলীগ।
নগরের কোর্ট পয়েন্ট থেকে লিফলেট বিতরণ শুরু হয়।
এ সময় মহানগর যুবলীগের সভাপতি আলম খান, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারসহ নগরের ২৭টি ওয়ার্ডের যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলম খান বলেন, দেশের যেকোনো দুর্যোগপূর্ণ সময়ে মহানগর যুবলীগ জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে। সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, যুবলীগের প্রত্যেককে নিজ নিজ ওয়ার্ডে দুর্যোগময় সময়ে মানুষের পাশে থাকতে হবে।
গতকাল বেলা দেড়টায় নগরের দরগাগেট এলাকার একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে সিলেট প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক জরুরি সভা হয়। ভূমিকম্পের আশঙ্কা থাকায় দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা হিসেবে আয়োজিত এ সভা থেকে জানানো হয়, দুর্যোগ হলে সিলেটের মানুষকে বিনা মূল্যে নগরের বেসরকারি হাসপাতালগুলো চিকিৎসা দেবে।
সভায় সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, সভার আয়োজক সংগঠন সিলেট প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাসিম আহমদ, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে নাসিম আহমদ জানান, কোনো ধরনের বিপর্যয়ই কাম্য নয়। তবে আগাম প্রস্তুতির অংশ হিসেবে তাঁরা সভা করেছেন। সবার মতামতের ভিত্তিতে একটি ইমার্জেন্সি সেল গঠন করা হয়েছে। এ সেল সবকিছু সমন্বয় করবে।
সন্ধ্যা সাতটার দিকে সিটি করপোরেশনের উদ্যোগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ প্রকৌশলী ও ভূতত্ত্ববিদদের নিয়ে অনলাইনে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, যেহেতু ক্রমিক ভূকম্পনের পরবর্তী সাত দিন সতর্ক থাকার পাশাপাশি পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রাখার বিষয়টি বিশেষজ্ঞরা বলছেন, সেহেতু সিটি করপোরেশন সে অনুযায়ী করণীয় সবকিছু করছে। আতঙ্কিত না হয়ে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়ে নগরে মাইকিংও করা হচ্ছে।
গত শনিবার সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে পাঁচবার এবং ওই দিন দিবাগত ভোররাতে একবার সিলেট নগর ও আশপাশের এলাকায় ভূকম্পন অনুভূত হয়। এ ভূকম্পনের উৎপত্তিস্থল সিলেটের জৈন্তাপুর। তখন বিশেষজ্ঞরা বড় ভূমিকম্পের আশঙ্কা থেকে পরবর্তী সাত দিন সিলেটের বাসিন্দাদের সতর্ক থাকার অনুরোধ জানান। এরপর ঝুঁকিপূর্ণ বিবেচনায় নগরের ছয়টি বিপণিবিতান এবং একটি দোকান ১০ দিনের জন্য বন্ধের নির্দেশ দেয় সিটি করপোরেশন। গত সোমবার বেলা তিনটার দিকে নগরের মণিপুরিপাড়ায় একটি পুকুরের পাড় ধসে গেছে। স্থানীয় ব্যক্তিদের দাবি, ক্রমিক ভূকম্পন ও অতিবৃষ্টির প্রভাবে এটা হয়েছে।