সিলেটে কয়লা ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই
সিলেটে প্রকাশ্যে এক কয়লা ব্যবসায়ীর সাত লাখ টাকা ছিনতাই হয়েছে। সিলেট নগরের সোনারপাড়া এলাকার ফরহাদ খাঁ পুলের কাছে গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, কয়লা ব্যবসায়ী অমিয় রঞ্জন পাল গতকাল দুপুরে লালদিঘিরপাড় এলাকার ন্যাশনাল ব্যাংক থেকে সাত লাখ টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে তিনি মোটরসাইকেলযোগে রওনা হন। সঙ্গে ছিলেন তাঁর ভাতিজা রাজন পাল। বেলা আড়াইটার দিকে সোনারপাড়ার ফরহাদ খাঁ পুলের কাছে তিনটি মোটরসাইকেলে ছয়জন তাঁদের ঘিরে ধরে।রাজন পাল প্রথম আলোকে জানান, ছয়জন ছিনতাইকারী প্রকাশ্যে দা ও রামদা উঁচিয়ে টাকার ব্যাগের খোঁজ করে। একপর্যায়ে তাঁরা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ঘটনাটি তাৎক্ষণিক শাহপরান থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) শিবেন্দ্রনাথ গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, ঘটনাস্থল ও ব্যাংক পরিদর্শন করে ছিনতাই সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। ছিনতাইকারীদের খোঁজে পুলিশের একটি দল মাঠে তৎপর রয়েছে।