সিলেটে খাদিজা হত্যাচেষ্টা মামলার রায় ৮ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগমকে হত্যাচেষ্টার মামলার রায় ঘোষণা করা হবে ৮ মার্চ। সিলেটের মহানগর দায়রা জজ আদালতে মামলার যুক্তিতর্ক শেষে বিচারক আকবর হোসেন মৃধা গতকাল রোববার এ তারিখ ধার্য করেছেন।
যুক্তিতর্ক চলাকালে মামলার একমাত্র আসামি বদরুল আলম আদালতে হাজির ছিলেন। যুক্তিতর্কে সরকারি কৌঁসুলিসহ মহানগর দায়রা জজ আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি মফুর আলী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অংশ নেন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন সাজ্জাদুর রহমান চৌধুরী। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে বলেন, পুরো রায় বাংলায় লেখা হবে, বাংলায় ঘোষণা করা হবে।
গত বুধবার সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরোর আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে মামলাটি স্থানান্তর হয়। মো. সাইফুজ্জামান হিরোর আদালতে গত ২৬ ফেব্রুয়ারি মামলার ৩৭ সাক্ষীর সর্বশেষ সাক্ষী হিসেবে খাদিজার সাক্ষ্য গ্রহণ করা হয়। অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান বলেন, সরকারপক্ষের আইনজীবীরা মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালত থেকে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরের আবেদন করেন।
সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ বলেন, ‘আমরা আসামির বিরুদ্ধে সব প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হয়েছি। আশা করছি সর্বোচ্চ সাজা হবে অপরাধীর।’
বদরুলের আইনজীবী সাজ্জাদুর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ঘটনার দিন বদরুল নেশাগ্রস্ত ছিলেন। আদালতে বিষয়টি যথাযথভাবে উপস্থাপন করতে পেরেছি। আশা করছি, রায়ে ন্যায়বিচার পাবেন বদরুল।’