সিলেটে খালেদা জিয়ার বক্তব্য 'মিথ্যাচার ও উসকানিমূলক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গত শনিবার ১৮-দলীয় জোটের জনসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যকে ‘মিথ্যাচার ও উসকানিমূলক’ বলে মনে করছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা। গতকাল সোমবার জেলা কমিটির সভাপতি আবদুজ জহির চৌধুরী, সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান, নগরের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন।
বিবৃতিতে নেতারা বলেন, সিলেটে ১৮-দলীয় জোটের নামে বিএনপি-জামায়াতের জনসভায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্য উসকানিমূলক ছিল।
খালেদা জিয়ার বক্তব্য উদ্ধৃত করে ওই বিবৃতিতে বলা হয়, জনসভায় খালেদা জিয়া বলেছেন, তাঁর সরকারের সময়ে দেশে কখনো জঙ্গি হামলা হয়নি। অথচ তিনি ক্ষমতায় থাকতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের জনসভায়, একই বছর সিলেটে হজরত শাহজালাল (র.)-এর দরগাহে ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর ওপর, সিলেটের গুলশান সেন্টারে আওয়ামী লীগের সভায় ও মহিলা আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলা চালানো হয়। এ ছাড়া দেশের ৬৪টি জেলায় ধারাবাহিক বোমা হামলা বিগত বিএনপি-জামায়াত সরকার আমলেই হয়েছে।
ওই সব ছাড়াও সিলেটের উন্নয়ন নিয়ে খালেদা জিয়া বক্তৃতায় মিথ্যাচার করেছেন বলে দাবি করেন আওয়ামী লীগের নেতারা। বিবৃতিতে খালেদা জিয়াকে উদ্দেশ করে বলা হয়, কথায় কথায় ধর্মের দোহাই দিয়ে উসকানি আর মিথ্যাচারের রাজনৈতিক দেউলিয়াপনা থেকে বেরিয়ে আসুন এবং প্রকৃত অর্থে গণমানুষের রাজনীতিতে আত্মনিয়োগ করুন।
‘সংগ্রাম কমিটি নয়, শান্তি কমিটি’: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘সংগ্রাম কমিটি’ গঠনের ঘোষণা যুদ্ধাপরাধীদের রক্ষায় সহিংসতা সৃষ্টির উসকানি বলে মন্তব্য করেছেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ। গতকাল সোমবার সিলেট বারে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় মিসবাহ এ মন্তব্য করেন।
সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় খালেদা জিয়া ২৪ অক্টোবরের মধ্যে নির্দলীয় সরকারের মাধ্যমে নির্বাচনের দাবি না মানলে এবং একতরফা ভোট ঠেকাতে ২৫ অক্টোবর থেকে ভোটকেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি গঠনের ঘোষণা দেন।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের নেতা মিসবাহ বলেন, ভোট কিংবা জনগণের অধিকার আদায়ে নয়, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রক্ষায় সংগ্রাম কমিটির ঘোষণা দিয়েছেন। খালেদার সংগ্রাম কমিটি আসলে সংগ্রাম কমিটি নয়, যুদ্ধাপরাধীদের রক্ষায় আরেক শান্তি কমিটি।