সিলেটে খুদে বার্তায় আ.লীগের নেতাকে হুমকি
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিনকে মুঠোফোনে গত শুক্রবার খুদে বার্তা পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ‘মৃত্যুর জন্য তৈরি হও’ লেখা ওই বার্তা পেয়ে তিনি গত শনিবার সিলেট কোতোয়ালি থানায় একটি জিডি করেন।
গত শনিবার জেলা আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর উপলক্ষে বিভিন্ন স্থানে গণসংযোগে ব্যস্ত মিসবাহ। শুক্রবার সন্ধ্যায় তাঁর মুঠোফোনে একটি খুদে বার্তা আসে। এতে বলা হয়, বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীকে ৪৮ ঘণ্টার মধ্যে ফিরিয়ে না দিলে তোমার অবস্থা হবে ভয়াবহ, ‘মৃত্যুর জন্য তৈরি হও’।
মিসবাহ উদ্দিন সিলেটের সরকারি কৌঁসুলির দায়িত্ব পালন করছেন। তিনি প্রথম আলোকে জানান, খুদে বার্তাটি গ্রামীণফোনের একটি নম্বর থেকে এসেছে। তাতে হুমকিদাতার নাম ও পরিচয়ও উল্লেখ করা। তবে প্রকৃত হুমকিদাতা আসলে কে—এ বিষয়ে নিশ্চিত হতে ওই নম্বরসহ কোতোয়ালি থানায় জিডি করেছেন। তিনি বলেন, ‘আমাকেও তো ইলিয়াস আলীর মতো নিখোঁজ করা হতে পারে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খোঁজ নিতে বলেছি।’
জিডির বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি আখতার হোসেন।