সিলেটে খুন হওয়ার সাত দিন পর মস্তক উদ্ধার
সিলেটে খুন হওয়া যুবক সুহেল আহমদের (২৪) মস্তক ঘটনার প্রায় সাত দিন পর গতকাল রোববার তাঁর শ্বশুরবাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে ১৮ এপ্রিল সদর উপজেলার কান্দিগাঁওয়ের বালিউরা গ্রামের পাশের বিল থেকে মস্তকবিহীন সুহেলের লাশ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, সুহেল হত্যা ঘটনায় তাঁর বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় সুহেলের শ্বশুর মনফর আলী, তাঁর পাঁচ ছেলে ও তিন ভাতিজাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মনফর আলী, তাঁর ছেলে তেরাব আলী, ভাতিজা কাজল মিয়াকে সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত এই তিনজনের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাঁদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে সুহেলের মস্তক উদ্ধার করে পুলিশ। সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম প্রথম আলোকে জানান, মস্তক উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।