সিলেটে গণগীতিকার হেমাঙ্গ বিশ্বাসের জন্মশতবর্ষ উদ্যাপন
সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপমহাদেশের প্রগতিশীল সংস্কৃতি আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব হেমাঙ্গ বিশ্বাসের জন্মশতবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীর চিত্রশালায় হেমাঙ্গ বিশ্বাসের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। ২১ ডিসেম্বর সন্ধ্যায় একই স্থানে সমাপনী অনুষ্ঠান হবে। গতকাল দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রবীণ সংগীতজ্ঞ পণ্ডিত রামকানাই দাশ। আয়োজক সংগঠন হেমাঙ্গ বিশ্বাস জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদের আহ্বায়ক কবি শুভেন্দু ইমামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ। স্বাগত বক্তব্য দেন আইনজীবী মইনুদ্দিন আহমদ জালাল। আলোচনা সভায় বক্তৃতা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুলসী কুমার দাস এবং লেখক হরিদাস ঠাকুর। শুরুতেই হেমাঙ্গ বিশ্বাসের গান পরিবেশন করেন শিল্পী নীলেন্দু ভট্টাচার্য। পরে হেমাঙ্গ বিশ্বাসের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সভায় বক্তারা বলেন, সিলেটের প্রগতি লেখক সংঘ এবং কমিউনিস্ট পার্টির সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে তাঁর সাংস্কৃতিক ও রাজনৈতিক অভিযাত্রা শুরু। তিনি একাধারে ছিলেন সংস্কৃতি-সংগঠক, কবি, গণগীতিকার, প্রাবন্ধিক, তাত্ত্বিক গবেষক ও রাজনৈতিক সংগঠক।