সিলেটে গণজাগরণ অনুষ্ঠান থেকে ফিরতি বাসে হামলা
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনের বাসে গতকাল বুধবার রাতে দুর্বৃত্তদের হামলায় কমপক্ষে ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লাসহ মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে সিলেট শহীদ মিনারের গণজাগরণ অনুষ্ঠান থেকে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের পাশের মদিনা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে বিকেলে একই এলাকায় বিশ্ববিদ্যালয়ের তিনটি বাস ভাঙচুর করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে গণজাগরণ অনুষ্ঠান শেষে বাসে করে ক্যাম্পাসে ফিরছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মদিনা মার্কেট এলাকায় বাসটি পৌঁছলে একসঙ্গে ২০টি ঢিল ছোড়া হয়। ঢিলে বাসের জানালার কাচ ভেঙে ছয় ছাত্রীসহ ১০ শিক্ষার্থী আহত হন। এঁদের মধ্যে গণিত বিভাগের শিক্ষার্থী আসিফ ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোশাররফকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হামলার প্রতিবাদে রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনারের গণজাগরণ জমায়েত থেকে একটি প্রতিবাদ মিছিল নগর প্রদক্ষিণ করে শহীদ মুনির-তপন-জুয়েল (চৌহাট্টা) চত্বরে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করা হয়। রাত সাড়ে ১০টায় অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আনোয়ারুল ইসলাম বলেন, ‘পুলিশকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছি।’শিক্ষার্থীদের সড়ক অবরোধস্থলে থাকা সিলেট নগরের জালালাবাদ থানার ওসি গাউসুল হোসেন জানান, গণজাগরণবিরোধীরাই বাসে হামলা করেছে। এদের শনাক্ত করতে ঘটনাস্থলে একদল পুলিশ অভিযান চালিয়েছে।তিনটি বাস ভাঙচুর: মঙ্গলবার রাতে বেশ কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি বাসে ‘মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপহার’ লেখা অংশ রং দিয়ে মুছে ফেলেন। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক এস এম জাহাঙ্গীর বাস ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।