২০১৬ সালে সিলেট জেলা মুখ্য বিচারিক হাকিম আদালতে ৩ হাজার মামলা নিষ্পত্তি হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে সিলেট জেলার মুখ্য বিচারিক হাকিম কাজী আবদুল হান্নান এ তথ্য তুলে ধরেন।
মামলা নিষ্পত্তির ক্ষেত্রে জটিলতা কমাতে তদন্ত কর্মকর্তা ও চিকিৎসকদের মধ্যে যোগাযোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন মুখ্য বিচারিক হাকিম। তাঁর সভাপতিত্বে এবং বিচারিক হাকিম বেগম ইসরাত জাহানের সঞ্চালনায় মুখ্য বিচারিক হাকিম অদালতের সম্মেলন কক্ষে কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে মুক্ত আলোচনায় অংশ নেন সিলেটের বিচার বিভাগীয় কর্মকর্তা, আইন কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, বন বিভাগীয় কর্মকর্তা, সিভিল সার্জন, সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধানসহ জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
কনফারেন্সের মুক্ত আলোচনায় বেশির ভাগ মামলার বিচার নিষ্পত্তি করতে চিকিৎসা সনদ জটিলতার বিষয়টি উঠে আসে। এ ক্ষেত্রে মামলার তদন্ত কর্মকর্তা ও চিকিৎসকের প্রতিবেদনে অমিলও ধরা পড়ে। এ জটিলতা কাটাতে চিকিৎসক ও তদন্ত কর্মকর্তার যোগাযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেন আলোচকেরা।
কনফারেন্সে সভাপতির বক্তব্যে জেলার মুখ্য বিচারিক হাকিম এ জটিলতা কাটাতে চিকিৎসা কর্মকর্তার মুঠোফোন নম্বর সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়ার পরামর্শ দেন। তিনি সমাপনী বক্তব্যে বলেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতা থাকলে ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি কাটিয়ে যোগাযোগ ও আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারলে গত বছরের তুলনায় এই বছর আরও দ্বিগুণ সংখ্যক মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে।