সিলেটে গতকাল হরতাল হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মভিত্তিক দলগুলোর ডাকা হরতালের দ্বিতীয় দিনে গতকাল সোমবার সিলেট নগরের কোথাও পিকেটিং হয়নি। সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক ছিল। সকাল ১০টায় খেলাফত মজলিস নগরের বন্দরবাজার মোড়ে পথসভা করে সেখানে হরতাল কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে।হরতালের কর্মসূচি নিয়ে সিলেটে প্রথম দিন বাংলাদেশ শাসনতন্ত্র আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ও সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ সক্রিয় ছিল। গতকাল মিছিল করেছে শুধু খেলাফত মজলিস ও এর অঙ্গসংগঠন ছাত্র মজলিস। জমিয়তে উলামায়ে ইসলাম জানিয়েছে, হরতালে তাদের শুধু নৈতিক সমর্থন ছিল।এ ব্যাপারে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাহীনূর পাশা বলেন, ‘কওমি মাদ্রাসার পরীক্ষার কারণে মাঠে কর্মী নামাতে পারব না বলে আমরা এই হরতাল আহ্বান করিনি। তবে ইসলামি দলের সমন্বয়ে হরতাল ডাকায় এতে নৈতিক সমর্থন জানিয়েছিলাম।’সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের পক্ষ থেকে মিফতাহুদ্দীন আহমদ বলেন, ‘হরতাল আহ্বানকারী দলগুলোর মধ্যে সিলেটে কারোরই সাংগঠনিক শক্তি নেই। এর পরও আমরা চেয়েছিলাম একসঙ্গে কর্মসূচি পালন করতে। তবে কোনো পক্ষ থেকেই এ উদ্যোগ না নেওয়ায় কর্মসূচি হয়নি।’সংশোধনী: গতকাল সোমবার প্রথম আলোয় ‘কওমি মাদ্রাসায় পরীক্ষার জন্য সিলেটে হরতাল “টাইট” হয়নি!’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একাংশে শাহীনূর পাশাকে ভুলক্রমে খেলাফত মজলিসের নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক।