সিলেটে গাড়ি ভাঙচুরের ফাঁদে ফেলে ছিনতাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরতলির মেজরটিলায় গাড়ি ভাঙচুরের ফাঁদে ফেলে প্রকাশ্যে পেট্রলপাম্প ব্যবসায়ীর ছয় লাখ টাকা ছিনতাই হয়েছে। ছিনতাই ঠেকাতে গিয়ে দুজন আহত হয়েছেন।
গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শহরতলির পীরেরবাজার আর রাহমান পেট্রলপাম্পের মালিক মুজিবুর রহমান ব্যক্তিগত মোটরগাড়িতে করে সিলেট শহরের দিকে আসছিলেন৷
মেজরটিলার চামেলীবাগ এলাকায় আসার পর ছয়টি মোটরসাইকেলে নয়জন ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে।
এ সময় তারা অতর্কিতে গাড়ি ভাঙচুর করে মুজিবুর রহমানের কাছে রাখা ছয় লাখ টাকার ব্যাগ কেড়ে নেয়।
মুজিবুর রহমান সাংবাদিকদের জানান, গাড়ি ভাঙচুর করা দেখে আশপাশের এলাকার মানুষ কোনো সহিংসতা কি না—এ আতঙ্কে কাছে আসেননি। এ কৌশলে ছিনতাই হয়েছে।
ছিনতাই ঠেকাতে এগিয়ে এলে পাম্পের ক্যাশিয়ার সঞ্জয় ধর ও তাঁর গাড়িচালক জালাল আহমদকে মারধর করে ছিনতাইকারীরা চলে যায়। আহত অবস্থায় দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ জানান, গাড়ি ভাঙচুরের কৌশলে ছিনতাই করায় ধারণা করা হচ্ছে কোনো চক্র এতে সক্রিয় রয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা করছে।