সিলেটে গাড়ি পোড়ানো ও ভাঙচুর মামলায় ‘মদদদাতা’ ইলিয়াস!
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় যাত্রীবাহী বাস পুড়িয়ে একজনকে হত্যাসহ অন্যান্য যানবাহন ভাঙচুরের ঘটনায় করা দুটি মামলায় বিএনপির নেতা এম ইলিয়াস আলীকে ‘মদদদাতা’ উল্লেখ করা হয়েছে। মামলায় দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি ও ছাত্রদলের ২৪ জন নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৬ জনকে আসামি করা হয়েছে।গত রোববার দক্ষিণ সুরমার চণ্ডীপুলে ‘হবিগঞ্জ সুপার এক্সপ্রেস’ নামের বাস পুড়িয়ে একজনকে হত্যা ও ১২ জনকে অগ্নিদগ্ধ করে দুর্বৃত্তরা। এ ঘটনাসহ দক্ষিণ সুরমায় আরও কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনায় সোমবার রাতে হত্যা ও সহিংসতা সৃষ্টির অভিযোগে দুটি মামলা করেন দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) হারুন মজুমদার। এ ছাড়া রোববার সিলেট নগরের ১৫টি স্থানে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় দুটি মামলা এবং শাহপরান, বিমানবন্দর ও জালালাবাদ থানায় আরও তিনটি মামলা করা হয়। এসব মামলায় অজ্ঞাত সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হলেও কোতোয়ালি থানায় করা দুটি মামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও জেলা কমিটির আহ্বায়ক সামসুজ্জামানকে প্রধান আসামি করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, দক্ষিণ সুরমা থানায় করা দুটি মামলায় প্রথমে অজ্ঞাত দুর্বৃত্ত ১৬ জনকে আসামি করা হয়। দুপুরে মামলার বাদী এসআই হারুন মজুমদার দুটি মামলার এজাহার আদালতে নেওয়ার পর আবার থানায় ফিরে আসেন। রাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি এম ইলিয়াস আলীকে ‘মদদদাতা’ উল্লেখ করে বিএনপি ও ছাত্রদলের ২৪ নেতার নাম আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।ঘটনার এক দিন পর পুলিশের করা মামলায় ‘মদদদাতা’ ও স্থানীয় বিএনপির নেতাদের নাম উল্লেখ করায় বিস্ময় প্রকাশ করেছেন এম ইলিয়াস আলী। গতকাল মঙ্গলবার তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি ১৫ ডিসেম্বর থেকে ঢাকায় আছি। ঘটনার দিন আমি ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ছিলাম। আমি কীভাবে মদদ দিলাম?’ইলিয়াস আলী বলেন, ‘আমার জানা মতে, ওই দুই ঘটনায় পুলিশ প্রথমে অজ্ঞাত ১৬ জনকে আসামি করে মামলা করেছিল। সোমবার রাতে আওয়ামী লীগের নেতা একজন সাংসদ ও একজন সরকারি কৌঁসুলির চাপে পুলিশ স্থানীয় বিএনপি নেতাদের আসামি করে আমাকে মদদদাতা করতে বাধ্য হয়েছে।’এ ব্যাপারে মামলার বাদী এসআই হারুন মজুমদার বলেন, ‘প্রাথমিক তদন্ত সাপেক্ষে মদদদাতা ও আসামির কিছু নাম পাওয়ায় তা অন্তর্ভুক্ত করা হয়েছে।’বিএনপির প্রতিবাদ: ইলিয়াস আলীকে মদদদাতা ও স্বেচ্ছাসেবক দলের নেতা সামসুজ্জামানকে মামলার আসামি করার প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা। জেলা ও মহানগর বিএনপির এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘টিপাইমুখ বাঁধবিরোধী আন্দোলন নিয়ে সর্বস্তরের সিলেটবাসীর স্বার্থে বিএনপির সব স্তরের নেতা-কর্মীরা যখন সোচ্চার, তখন নেতৃস্থানীয়দের এভাবে মামলায় অন্তর্ভুক্ত করে ওই আন্দোলনকে পুলিশ দিয়ে দমানোর চেষ্টা করছে আওয়ামী লীগ।’ নিহত যাত্রীর পরিচয় মেলেনি: রোববার চণ্ডীপুলের বদিকোনায় হবিগঞ্জ সুপার এক্সপ্রেসে অগ্নিসংযোগে নিহত যাত্রীর পরিচয় গতকাল পর্যন্ত পায়নি পুলিশ। দক্ষিণ সুরমা থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, গত সোমবার অজ্ঞাত ওই ব্যক্তির দাফন শেষে তাঁর সুরতহাল প্রতিবেদনের তথ্যাদি নিয়ে পুলিশ সন্ধান করছে। সিলেট থেকে হবিগঞ্জ পর্যন্ত ওই বাসের স্টপেজগুলোতে খোঁজ নেওয়া হচ্ছে।