সিলেটে গুলিবিদ্ধ দুজনের মৃত্যু, পদ্মা থেকে ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে গুলিবিদ্ধ শিবিরের নেতাসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রাজশাহীতে পুলিশের ধাওয়া খেয়ে পদ্মা নদীতে লাফিয়ে পড়া এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বাসিন্দা ও মহানগর শিবিরের সহকারী ছাত্রকল্যাণ সম্পাদক আলী আসগর খান (২২) ঢাকার একটি হাসপাতালে চিকির‌্যাসাধীন অবস্থায় গতকাল সোমবার দুপুরে মারা গেছেন। তিনি সিলেটে গত ১৬ ফেব্রুয়ারি পুলিশের সঙ্গে সংঘর্ষকালে গুলিবিদ্ধ হন।এ ছাড়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকির‌্যাসাধীন অবস্থায় গত রোববার রাতে মারা যান আবদুর রহমান (৩৫) নামের এক ব্যক্তি। তিনি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ভাঙচুরকালে গত শুক্রবার গুলিবিদ্ধ হন।সিলেট কোতোয়ালি থানায় উপপরিদর্শক (এসআই) শাহ মো. মুবাশ্বির প্রথম আলোকে জানান, ময়নাতদন্ত শেষে আবদুর রহমানের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজশাহী: রাজশাহী শহরের কেদুরমোড় এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় রাশেদুল ইসলাম (২০) নামের এক ছাত্রের লাশ গতকাল সকালে উদ্ধার করা হয়েছে। গণজাগরণ মঞ্চে হামলাকারীদের সঙ্গে গত শুক্রবার পুলিশের সংঘর্ষ ও ধাওয়ার একপর্যায়ে পদ্মায় ঝাঁপ দিয়েছিলেন রাশেদুল।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মাদ্রাসার ছাত্ররা কেদুরমোড় থেকে রাশেদুলের লাশ নিয়ে যান। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ চলে যায় এবং ছাত্ররা মিছিল সহযোগে লাশ নিয়ে মাদ্রাসায় চলে যান। লাশটি গুলিবিদ্ধ বলে গুজব ছড়িয়ে পড়লেও স্থানীয় লোকজন প্রাথমিকভাবে লাশে গুলির কোনো চিহ্ন খুঁজে পাননি। রাজশাহীর নিউমার্কেট এলাকার দারুল হাদিস আলজামিয়া আল ইসলামিয়া আল্লামা মুহম্মদ মিঞা আসেমীর (ইসলামিয়া মাদ্রাসা) ছাত্র ছিলেন রাশেদুল। তাঁর বাবা আনোয়ারুল ইসলাম নগরের জিন্নানগর এলাকার বাসিন্দা। ছেলের মৃত্যুর ঘটনায় তিনি একটি অপমৃত্যুর মামলা করেছেন। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, রাশেদুলের ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ শুক্রবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল। গণজাগরণ মঞ্চ ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের সঙ্গে পুলিশের সংঘর্ষকালে কেউ নদীতে ঝাঁপ দিলে পুলিশ দায়-দায়িত্ব নেবে না।