সিলেটে গৃহকর্মীর হাত-পা ভাঙা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের সাগরদীঘিরপার এলাকায় বহুতল একটি ফ্ল্যাটবাড়ির সামনের রাস্তা থেকে হাত ও পা ভাঙা অবস্থায় একজন গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহকর্মীর নাম তামান্না বেগম (২০)। তামান্না সাগরদীঘিরপারের ‘আপন টাওয়ার’-এর একটি ফ্ল্যাটের বাসিন্দা চিকিৎসক এম এ কুদ্দুসের বাসায় গৃহকর্মী ছিলেন। তাঁর বাড়ি নেত্রকোনার কেন্দুয়া বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই চিকিৎসকসহ চারজনকে আটক করেছে।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ‘আপন টাওয়ার’-এর তৃতীয় তলার ফ্ল্যাটের বাসিন্দা সিলেটের রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের চিকিৎসক এম এ কুদ্দুসের বাসায় তামান্না গৃহকর্মী হিসেবে কাজ করতেন। গতকাল বুধবার ভোর ছয়টায় পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিরা রাস্তায় গৃহকর্মীর মরদেহ দেখে ফ্ল্যাটের তত্ত্বাবধায়ক ও পুলিশকে খবর দেন। সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ইখতিয়ার আহমদ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক কান্তা দের নেতৃত্বে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদনে বাম পা ও বাম হাতের হাড় ভাঙা ও শরীরের স্পর্শকাতর কিছু জায়গায় জখমের চিহ্ন থাকার কথা উল্লেখ করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরিকারী উপপরিদর্শক ইখতিয়ার আহমদ জানান, সুরতহাল প্রতিবেদন অনুযায়ী গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি না, তা জানতে চিকিৎসক এম এ কুদ্দুস, ফ্ল্যাটবাড়ির নৈশপ্রহরী মফিজ মিয়া, পার্শ্ববর্তী ধোলাইখানার (লন্ড্রি) কর্মচারী আলম আহমদসহ আরেকটি বাসার একজন গৃহকর্মীকে আটক করা হয়েছে। চিকিৎসকের স্ত্রী সাদিয়া হক সাংবাদিকদের জানান, তামান্না প্রায় তিন বছর ধরে তাঁদের বাসায় কাজ করছেন। গত মঙ্গলবার রাত ১১টায় প্রতিদিনের মতো তিনি ফ্ল্যাটের একটি কক্ষে ঘুমাতে যান। গতকাল ভোর ছয়টার দিকে ফ্ল্যাটের নৈশপ্রহরীর ডাকাডাকিতে তাঁদের ঘুম ভাঙে। নিচে গিয়ে দেখেন তামান্নার মরদেহ। দুর্বৃত্তরা তামান্নাকে ঘর থেকে ডেকে নিয়ে খুন করে রাস্তায় ফেলে রাখতে পারে বলে সাদিয়া হক ধারণা করছেন।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ প্রথম আলোকে জানান, মেয়েটির গ্রামের বাড়ির পূর্ণ ঠিকানা বা পরিবারের কাউকে পাওয়া যাচ্ছে না। পুলিশের মাধ্যমে নেত্রকোনায় যোগাযোগ করা হচ্ছে। আটক ব্যক্তিদের কাছ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়ায় পুরো ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে।