সিলেটে গৃহকর্মীসহ তরুণী খুনের ঘটনায় মামলা
সিলেটে নিজ বাসায় গৃহকর্মীসহ তরুণী শাহিদা আক্তার মিলি খুনের ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করা হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে মিলির বড় ভাই আবুল কাশেম বাদী হয়ে এ মামলা করেন। ঘটনার দুই দিন পরও খুনি শনাক্ত ও কারণ উদ্ঘাটনে কোনো সূত্র না পাওয়ায় শিবগঞ্জ এলাকায় এর আগের সংঘটিত হত্যাকাণ্ড সম্পর্কে খোঁজ নিচ্ছে পুলিশ। বাদী এজাহারে উল্লেখ করেন, তাঁরা দুই ভাই এক বোনের মধ্যে মিলি মেজো। মা ও বাবা বেঁচে না থাকায় শিবগঞ্জ খরাদিপাড়ায় তাঁদের পৈতৃক বাসা ‘পারিজাত’ ভবনে কেবল মিলি (২৯) হনুফা ওরফে মমতা বেগম (১৭) নামের একজন গৃহকর্মী নিয়ে থাকতেন। মিলি অবিবাহিত ছিলেন। বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে তাঁর সম্পৃক্ততা থাকায় সিলেট শহরের পরিচিত মুখ ছিলেন তিনি। খুনের ঘটনাটি গত ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির কোনো একদিন সংঘটিত হয়েছে এবং দুর্বৃত্তরা বঁটি দিয়ে কুপিয়ে পরে মরদেহ পুড়িয়ে পালিয়ে যায়। বাদী অভিযোগ করেন, প্রয়োজনীয় খরচের জন্য মিলির কাছে নগদ ২০ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার ছিল। ঘটনার পর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার পাওয়া যায়নি। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ জানান, গত মঙ্গলবার রাত আড়াইটায় বাদী থানায় লিখিত অভিযোগ দিলে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। গতকাল বুধবার একজন উপপরিদর্শককে তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।মিলি হত্যার প্রতিবাদে গতকাল দুপুরে নগরে বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে। একই সময় বাংলাদেশের সব রোটারি সংগঠনের পক্ষ থেকে রোটারি ক্লাব অব জালালাবাদ মৌন মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। পুলিশের একটি সূত্র জানায়, ঘটনার দুই দিন পরও খুনি শনাক্ত ও কারণ উদ্ঘাটনে কোনো সূত্র না পাওয়ায় পুলিশ শিবগঞ্জ এলাকায় অতীতে সংঘটিত খুনের ঘটনার ব্যাপারে খোঁজ নিচ্ছে। এ তৎপরতায় পুলিশ ২০০২ সালের ৯ জুন শিবগঞ্জের দেবপাড়ায় অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে মা ও মেয়ে খুনের ঘটনার তথ্যাদি সংগ্রহ করছে।জানা গেছে, শিবগঞ্জ এলাকার দেবপাড়ায় নিজ বসতঘরে অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে রাতে খুন হয়েছিলেন বীণাপাণি দেব (৭০) ও তাঁর মেয়ে ঊষা রানী দেব। এ ঘটনায় মামলা হলে নয় বছরেও দুর্বৃত্তদের শনাক্ত করা যায়নি। দেবপাড়ার ওই বাসাটি মিলিদের বাসা থেকে প্রায় ৩০০ গজ দূরে। এ ছাড়া শিবগঞ্জ এলাকাটি শহরের সবচেয়ে ঘনবসতিপূর্ণ হওয়ায় সেখানে প্রায়ই নানা ধরনের অপরাধ সংঘটিত হয়। খুনিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘একটি অপরাধের খোঁজ নিতে হলে অপরাপর ঘটনার খোঁজ নিতে হয়। পুলিশ সব বিষয়ে খোঁজ নিচ্ছে।’সিলেটের শিবগঞ্জের খরাদিপাড়ায় নিজ বাসা থেকে গত সোমবার রাতে গৃহকর্মীসহ মিলির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে দাহ্য পদার্থ ঢেলে পুড়িয়ে ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মিলি একজন স্বেচ্ছাসেবী ছিলেন। জালালাবাদ রোটারেক্ট ক্লাবের সহসভাপতিসহ রেড ক্রিসেন্ট, সুশাসনের জন্য নাগরিকসহ (সুজন) বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি।