সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এলপি (রূপান্তরিত প্রাকৃতিক) গ্যাস সিলিন্ডার অবৈধভাবে প্রক্রিয়াজাতকরণের সময় বিস্ফোরণে তিন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার রানাপিং তৈপুর গ্রামে একটি ইটভাটার ঘরে এই দুর্ঘটনা ঘটে।
এতে আহত শ্রমিকেরা হলেন রণকেলী গ্রামের রুবেল আহমদ (২৮), হাজীপুর গ্রামের স্বপন আহমদ (২৫) ও সাগর আহমদ (৩৮)। তাঁদের উদ্ধার করে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
এই দুর্ঘটনাস্থল থেকে সাহেদ এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক সাহেদ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জ এলপি গ্যাসের প্ল্যান্ট থেকে উৎপাদিত সিলিন্ডার-ভর্তি জ্বালানি গ্যাস অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে বিপণন করা হয়। কিন্তু সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে অনুমোদিত কোম্পানির নামে প্ল্যান্টের সিলিন্ডার ক্রয় করে একটি থেকে দুই-তিনটি সিলিন্ডারে প্রক্রিয়াজাতের কাজ করে আসছিল। শুক্রবার ঝুঁকিপূর্ণ এই কাজ করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক প্রথম আলোকে বলেন, গ্যাস সিলিন্ডার জালিয়াতি করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে। এই দুর্ঘটনায় গতকাল শনিবার সকালে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ ঘটনায় সাহেদ এন্টারপ্রাইজের মালিক সাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে দুই বছর আগেও এই ধরনের আরেকটি দুর্ঘটনা ঘটেছিল। তখন তিন শ্রমিকের মৃত্যু হয়েছিল।