সিলেটে গ্যাসের নতুন সংযোগে প্রকল্প প্রস্তাবের নির্দেশ অর্থমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকায় জালালাবাদ গ্যাসের আবাসিক সংযোগ দিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।গত বৃহস্পতিবার রাতে সিলেটে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি নিয়ে এক সভায় তিনি আগামী ১৫ দিনের মধ্যে গ্যাস সরবরাহে প্রকল্প প্রস্তাব প্রদানের জন্য জালালাবাদ গ্যাসকে নির্দেশ দেন।জালালাবাদ গ্যাসের আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, তিন বছর ধরে সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় গ্যাসের আবাসিক সংযোগ প্রদান কার্যক্রম বন্ধ রয়েছে। এ অবস্থায় গ্যাসের সংযোগ পেতে গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে গত বৃহস্পতিবার রাত নয়টায় সিলেট সার্কিট হাউসে জালালাবাদ গ্যাসের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সভায় মিলিত হন। সভায় অর্থমন্ত্রী বলেন, ‘সারা দেশে যখন গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ছিল, আমি তখন গ্যাসের হেড কোয়ার্টারের সঙ্গে আলাপ-আলোচনা করে গ্যাস সংযোগের অনুমোদন দিয়েছি। এতে আমার এলাকার কোনো লাভ হবে না, মানুষ গ্যাসের সংযোগ বা এর ব্যবহারের সুযোগ পাবে না, এটা হতে পারে না।’ মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে স্থাপিত পাওয়ার প্ল্যান্টে গ্যাস সংযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।সভায় সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাবেক সচিব এ কে এম মুবিন, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুজ জহির চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুফি হোসেন জুলফিকার রহমান, জিএম (মার্কেটিং) মঈন উদ্দিন বক্তব্য দেন।যেখানে খুঁটি, সেখানে অগ্রাধিকার: সিলেট অঞ্চলে বিগত চারদলীয় জোট সরকারের আমল থেকে যেসব এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটি রয়েছে, সেসব এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ দিতে অর্থমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদের প্রস্তাবে এ নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে সার্কিট হাউসে জালালাবাদ গ্যাসের কর্মকর্তাদের সঙ্গে সভার পরপরই পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের সঙ্গে সভায় অগ্রাধিকার ভিত্তিতে পল্লী বিদ্যুতায়নের এ সিদ্ধান্ত হয়।সভায় পিডিবির প্রধান প্রকৌশলী নাঈমুল হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক মোহাম্মদ উমর আলী, নির্বাহী প্রকৌশলী করিম খায়রুল হুদা, পল্লী বিদ্যুৎ সিলেট সদরের পরিচালক বদরুজ্জামান এনাম, কোম্পানীগঞ্জের পরিচালক আবদুন নূর বক্তব্য দেন।