সিলেটে গ্রীষ্মেও টমেটো চাষ সম্ভব
সিলেটের সবজির খেতগুলোতে এখন থেকে গ্রীষ্মকালেও টমেটো উৎপাদন করা সম্ভব। শীতকালে সিলেট অঞ্চলে সচরাচর টমেটোর উৎপাদন হলেও গ্রীষ্মকালে তা সম্ভব হতো না। প্রায় এক বছর গবেষণা চালিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক গ্রীষ্মকালে টমেটো উৎপাদনে সফলতা পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসন সূত্রে জানা যায়, বাংলাদেশে যে কয়েকজন কৃষিবিজ্ঞানী গ্রীষ্মকালীন টমেটো উৎপাদনে গবেষণা করছেন তাঁদের মধ্যে অন্যতম মো. শহীদুল ইসলাম। প্রায় ১০ মাস আগে তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শহীদ মিনারের পাশের পতিত জমিতে একটি গবেষণা মাঠ প্রস্তুত করেন। সিলেট অঞ্চলে গ্রীষ্মকালে টমেটো উৎপাদন না হওয়ার বিষয়ে ব্যাপক অনুসন্ধান শুরু করেন তিনি।বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে এই ইনস্টিটিউট বারি টমেটো-১০ (অনুপমা) এবং বারি টমেটো-১৩ (শ্রাবণী) নামে দুটি গ্রীষ্মকালীন টমেটো উদ্ভাবন করে। তবে সেসব টমেটো আকারে খুব ছোট (গড়ে ২৫ গ্রাম) হওয়ায় ভোক্তারা এটিকে ভালোভাবে গ্রহণ করেনি। ২০০৬ সালে ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণাকেন্দ্রে শাহাবউদ্দিনের নেতৃত্বে মো. শহীদুল ইসলামসহ কয়েকজন কৃষিবিজ্ঞানী বারি টমেটো-৪ এবং বারি টমেটো-৫ নামে টমেটোর দুটি জাত উদ্ভাবন করেন।মো. শহীদুল ইসলাম জানান, কমলগঞ্জ উপজেলার গুটি কয়েক চাষি ছাড়া গ্রীষ্মকালে এ অঞ্চলে কেউ টমেটোর চাষ করতেন না। এ অঞ্চলের মাটি, আবহাওয়া ও প্রকৃতি বাংলাদেশের অন্য অঞ্চলের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। এখানে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে টমেটোসহ বিভিন্ন সবজি উৎপাদন বাধাগ্রস্ত হয়। তিনি এ বিষয়টি মাথায় রেখে বীজতলা তৈরির সময় মূল জমির মাটি একটু উঁচু করে পলিথিনের ছাউনি ব্যবহার করেন। এর ফলে অতিরিক্ত রোদে গাছের ফুল শুকানো এবং বৃষ্টিতে গাছের ক্ষতি অনেকটাই বন্ধ হয়ে যায়। তিনি আরও জানান, বীজতলা প্রস্তুতের সময় ২৩০ সেন্টিমিটার চওড়া (মাঝামাঝি স্থানে ৩০ সেন্টিমিটার নালাসহ) দুটি বেডে লম্বালম্বিভাবে একটি করে ছাউনি দিতে হবে। ছাউনি ২০ মিটার লম্বা হলে প্রতি হেক্টরে এ রকম প্রায় ১৭০টি ছাউনি করা যাবে। ছাউনির কাজ শেষে চাষাবাদের জন্য গ্রীষ্মকালীন টমেটোর জাত বারি টমেটো-৪ ব্যবহার করতে হবে। টমেটোর চারাগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে (যেমন গ্রাফটেড, নন-গ্রাফটেড, হরমোনাল, নন-হরমোনাল ইত্যাদি) মূল জমিতে লাগাতে হয়।মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সঠিক পরিমাণ সার ব্যবহার ও গাছের পরিচর্যা হলে গ্রীষ্মকালেই প্রতি হেক্টরে ৪০ থেকে ৫০ টন টমেটো উৎপাদিত হবে। সিলেটসহ সারা দেশে সাধারণত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত কোনো টমেটো পাওয়া যেত না, শীতকালীন কিছু টমেটো সংরক্ষণ করে সরবরাহ করা হতো। যার বাজারমূল্য ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত। এই বাজারমূল্য ধরেই গ্রীষ্মকালীন টমেটো প্রতি হেক্টরে পাঁচ লাখ ১৮ হাজার ৫০০ টাকা খরচ করে ১৫ লাখ টাকা আয় করা সম্ভব। তিনি আরও বলেন, এখন থেকে এ পদ্ধতি অবলম্বন করে যেকোনো চাষি গ্রীষ্মকালে বাণিজ্যিকভাবে টমেটো উৎপাদন করতে পারবে। হাইব্রিড জাতগুলোতে টমেটোটন নামের হরমোন প্রয়োগ করে টমেটোর ফলন আরও বাড়ানো সম্ভব।