সিলেটে গ্রেনেড হামলার দুই মামলায় অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গুলশান সেন্টারে ২০০৪ সালে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল সোমবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল হক খানের আদালতে অভিযোগ গঠন করা হয়। একই আদালতে ২০০৫ সালে সিলেট নগরের টিলাগড়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের ওপর গ্রেনেড হামলা মামলারও অভিযোগ গঠন করা হয়েছে গতকাল।উভয় মামলায় অভিযুক্তরা হলেন হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নান, সংগঠনের সিলেট অঞ্চলের সংগঠক শরিফ শাহেদুল আলম বিপুল, মুফতি হান্নানের ভাই মুহিবুল্লাহ, মুফতি মইনুদ্দিন ওরফে আবু জান্দাল, দেলওয়ার হোসেন রিপন ও হুমায়ূন কবীর ওরফে হিমু। অভিযোগ গঠনের সময় হিমু ছাড়া বাকি পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। হিমু পলাতক।২০০৪ সালের ৭ আগস্ট রাতে গুলশান সেন্টারে মহানগর আওয়ামী লীগের সভা শেষে গ্রেনেড হামলা হয়। এতে নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইব্রাহিম আলী নিহত ও ২০-২৫ জন নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় পরের দিন সিলেট কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) এনামুল হক হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করেন। আর ২০০৫ সালের ২ ডিসেম্বর নগরের টিলাগড়ে একটি অনুষ্ঠানে মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে লক্ষ্য করে গ্রেনেড হামলা হয়। গ্রেনেডটি বিস্ফোরিত না হওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনায় পরের দিন কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ বিস্ফোরক আইনে মামলা করেন।