সিলেটে গ্রেপ্তার দুই ব্যবসায়ীকে অভিযোগ থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে সাংবাদিক ফতেহ ওসমানী হত্যা মামলায় গ্রেপ্তার আবাসন ব্যবসায়ী মওদুদুল হকসহ দুজনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার আদালত তাঁদের অব্যাহতি দেন। গত মঙ্গলবার সাংবাদিক হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে র‌্যাব ব্যবসায়ী মওদুদুল ও ফতেহ ওসমানীর সঙ্গে ছুরিকাহত আবদুল মালেককে আটক করে থানায় সোপর্দ করে। পুলিশ এই দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠায়। সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মোহজারুল ইসলাম বলেন, ‘মওদুদুল হক ও আবদুল মালেকের বিরুদ্ধে হত্যার সঙ্গে জড়িত থাকার কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। তাই তাঁদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতে প্রতিবেদন দাখিল করি। মুখ্য বিচারিক হাকিম আমিরউদ্দিন এ মামলা থেকে তাঁদের অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন। উল্লেখ্য, সাপ্তাহিক ২০০০-এর সাবেক সিলেট প্রতিনিধি ফতেহ ওসমানী গত ১৮ এপ্রিল ছুরিকাহত হয়ে ২৯ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।