সিলেটে ঘন কুয়াশায় বাস-মাইক্রো সংঘর্ষ, ৩ ভাইবোনের মৃত্যু
সিলেট-ঢাকা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই ও এক বোন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। গতকাল বুধবার সকালে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারের সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় লোকজন জানান।
নিহত ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের কাঁচপুরের হাবিবুল্লাহর ছেলে মাহিন আহমদ (৩০), সুজন আহমদ (৩৫) ও মেয়ে জেসমিন আক্তার (৩৫)।
পুলিশ জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে সিলেটমুখী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৩ জন বাসযাত্রী আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিন, সুজন ও জেসমিনকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ওই সময় ঘন কুয়াশা ছিল। এ কারণে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয় বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।