সিলেটে চা-বাগান মালিকসহ চারজনকে ঢাকায় তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসনের জন্য টিলা কাটার ঘটনায় সিলেটে একটি চা-বাগানের মালিকসহ দুটি টিলার চারজন মালিককে ঢাকায় তলব করেছে পরিবেশ অধিদপ্তর।গত বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে এনফোর্সমেন্ট অভিযানে টিলা কাটার সত্যতা পাওয়ায় তলব নোটিশ জারি করা হয়। নোটিশ অনুযায়ী দুটি টিলার চারজন মালিককে আগামী ২৭ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তর ঢাকার প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে হবে।তলব নোটিশপ্রাপ্তরা হলেন, সিলেট শহরতলীর দক্ষিণ ইসলামপুরের বাসিন্দা রতন মনি, ওয়াহিদুর রহমান ও দেলোয়ার হোসেন। একই এলাকায় জজের টিলা কাটার অপরাধে খাদিমনগর চা-বাগানের বর্তমান মালিককেও পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে তলব করা হয়। পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের জ্যেষ্ঠ রসায়নবিদ মুজাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে নোটিশ জারি হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে। একইভাবে খাদিমপাড়ার বাহুবল আবাসিক এলাকায় টিলা কেটে মাটি বিক্রির ঘটনায় গ্রিনল্যান্ড হাউজিংয়ের এমডি আনোয়ার খন্দকারকে আগামী ২৬ ফেব্রুয়ারি তলব করে নোটিশ দেওয়া হয়েছে।মোহাম্মদ মুনীর চৌধুরী পুলিশ ও স্থানীয় পরিবেশ অধিদপ্তর এবং ভূমি প্রশাসনের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। তাঁরা প্রতিটি টিলাসংলগ্ন এলাকা ঘুরে দেখেন এবং টিলা কাটার নানা কৌশল দেখে অবাক হন। সরেজমিন অনুসন্ধানে এ টিলাভূমি থেকে প্রায় দেড় কোটি ঘনফুট মাটি অপসারণ করা হয় এবং এখান থেকে বিলুপ্ত হওয়া টিলার পরিমাণ আনুমানিক চার একর হবে বলে নির্ধারণ করা হয়।তলব নোটিশ জারির সত্যতা নিশ্চিত করে মুনীর চৌধুরী জানান, একই সঙ্গে এসব টিলা-পাহাড়ের সব ভূমির মালিকানা পরিবর্তন কার্যক্রম বন্ধ করার জন্য ভূমি কার্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, সব আবাসন প্রকল্পের অনুকূলে সব ধরনের ঋণ প্রদান-সুবিধা বন্ধ এবং অনাপত্তিপত্র প্রদান না করার জন্য বাংলাদেশ ব্যাংক ও জেলা প্রশাসনকে পত্র দেওয়া হয়েছে।পাহাড়-টিলাভূমি এলাকায় অবৈধ আবাসন প্রকল্পের প্লট না কেনার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে এনফোর্সমেন্ট পরিচালক এসব প্লটের কোনোভাবেই নামজারি করা হবে না মর্মে জানান।সুরমাতীরে মাটি কাটা: সুরমা নদীর তীর কেটে নেওয়ার প্রাতিষ্ঠানিক বৈধতা জানতে সিলেট সিটি করপোরেশনের একটি প্রকল্পের কর্তৃপক্ষকে পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়েছে। আজ শনিবার পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের হাজির হতে বলা হয়েছে। গত বৃহস্পতিবার নদীতীরে এনফোর্সমেন্ট অভিযান চালাকালে মাটি ব্যবসায়ীদের পাশাপাশি সিটি করপোরেশনের একটি প্রকল্পের জন্য মাটি কাটার ঘটনায় তাঁদের তলব করা হয় বলে পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়।