সিলেটে চা-শ্রমিকদের সাত দফা দাবি
সিলেটে চা-শ্রমিকেরা দৈনিক মুজুরি ২০০ টাকা নির্ধারণসহ সাত দফা দাবি আদায়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে। গতকাল রোববার দুপরে সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিল্লালের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।এর আগে সকালে বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন জেলা শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ধীরেন সিংহ। বক্তব্য দেন কেন্দ্রীয় আহ্বায়ক হূদেশ মুদি, বাসদ নেতা হুমায়ুন রশিদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সুশান্ত সিনহা, চা-শ্রমিক সন্তোষ নায়েক, লাংকাট লোহার, লেবেন নায়েক, বাবুল দেব, চৈতন মুদি প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, চা-শ্রমিকদের ইতিহাস শোষণ-বঞ্চনা, প্রতারণা-নির্যাতন ও নিপীড়নের ইতিহাস। চার প্রজন্ম ধরে যে ভূমিতে শ্রমিকেরা বসবাস করছে, সে ভূমিতে তাদের নেই কোনো অধিকার। শ্রমিকেরা প্রতিনিয়ত মালিক শ্রেণীর নিষ্ঠুরতা ও নির্মম শোষণের শিকার হচ্ছে। বক্তারা আরও বলেন, চা-শিল্প থেকে কোটি কোটি বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে, অথচ শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ৪৮ টাকা। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময়ে এই সামান্য টাকায় শ্রমিকদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।