সিলেটে চার আলোকচিত্রী পুরস্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোকচিত্র প্রতিযোগিতায় চারজন আলোকচিত্রীকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে পুরস্কারের ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতার আয়োজক সিলেট ফটোগ্রাফিক সোসাইটির দুজন সংগঠক জানান, প্রতিবছরের মতো সংগঠনটি মহান বিজয় দিবস সামনে রেখে এ প্রতিযোগিতার আয়োজন করেছিল। এতে ২৫ জন আলোকচিত্রীর শতাধিক আলোকচিত্র জমা পড়ে।
গতকাল প্রদর্শনীর সমাপনী দিনে বিকেল পাঁচটায় প্রদর্শিত আলোকচিত্রের মধ্যে তিনটিকে সেরা নির্বাচিত করা হয়। এর বাইরে জুরিবোর্ড কর্তৃক আরও একটি আলোকচিত্রকে বিশেষভাবে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। জুরিদের বিচারে প্রথম হন আনিস মাহমুদ। দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে রায়হান চৌধুরী ও এনামুল হক। এ ছাড়া জুরিবোর্ডের মনোনয়নে বিশেষ পুরস্কার পান বাপ্পী ত্রিবেদী।