সিলেটে চার কারণে যানজট
সিলেটে যানজট সৃষ্টির জন্য চারটি কারণকে চিহ্নিত করেছে ট্রাফিক পুলিশ ও সিটি কর্তৃপক্ষ। প্রতিদিনই সকাল, দুপুর ও বিকেলে যানজটে নাকাল হতে হচ্ছে নগরবাসীকে।
যানজটের কারণগুলো হচ্ছে অপ্রশস্ত রাস্তাঘাট, অবৈধ রিকশা ও ব্যাটারিচালিত তিন চাকার গাড়ির অবাধে চলাচল, শহরের ভেতরের সরকারি ও বেসরকারি স্কুল-কলেজগুলোর নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকা এবং ট্রাফিক আইন মেনে না চলা।
নগরবাসীর অনেকের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় সমস্যা ক্রমশ জটিল হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, নয়াসড়ক, শিবগঞ্জ, মীরাবাজার, আম্বরখানা, বাদামবাগিচা, বড়বাজার, তালতলা, কালীঘাট, ছড়ারপার, লালদিঘিরপাড়, লামাবাজার, জল্লারপার, মির্জাজাঙ্গাল, কিনব্রিজ, সুরমা মার্কেট, সুবিদবাজার, মীরের ময়দান, জেলরোড, বারুতখানা, শাহী ঈদগাহ, সাপ্লাই রোড ও সোবহানীঘাট এলাকায় প্রতিদিনই যানজট ভয়াবহ রূপ নেয়। এসব এলাকায় যানজটে ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল স্থবির হয়ে পড়ে।
নগরবাসীর অভিযোগ, অতীতে নগরে যানজট হলেও সহজেই এ থেকে মুক্তি পাওয়া যেত। এখন একবার যানজটে পড়লে ঘণ্টা খানেকের আগে মুক্তি মেলে না। নগরের বিভিন্ন সামাজিক সংগঠন যানজট নিরসনের জন্য সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য সিলেট সিটি করপোরেশনের জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানালেও কোনো গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হচ্ছে না।
তালতলা এলাকার ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, শহরে প্রতিনিয়ত মানুষ বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে যানবাহনের সংখ্যাও বাড়ছে। তবে সে তুলনায় রাস্তাঘাট প্রশস্ত হচ্ছে না। এতে যানজট হচ্ছে। এভাবে আরও কিছুদিন চললে ঢাকার যানজটও একসময় হার মানাবে।
ট্রাফিক পুলিশ জানায়, নগরে বৈধ রিকশার সংখ্যা প্রায় ৩০ হাজার। এর বিপরীতে কমপক্ষে এক লাখ রিকশা নগরে যাত্রী পরিবহনের কাজ চালাচ্ছে। এই ৭০ হাজার অবৈধ রিকশার চলাচল বন্ধ করা গেলে যানজট পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, অবৈধ রিকশা যাতে চলাচল করতে না পারে, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। নতুন মেয়র আরিফুল হক চৌধুরী দায়িত্ব নেওয়ার পর ফুটপাত দখলমুক্ত করায় যানজট পরিস্থিতি কিছুটা কমেছে। অপ্রশস্ত রাস্তাঘাটগুলো প্রশস্ত করার উদ্যোগও শিগগিরই নেওয়া হবে।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক) নূরে আলম জানান, ট্রাফিক পুলিশ আন্তরিকভাবে যানজট নিরসনে কাজ করছে। প্রতিনিয়ত যানবাহনের সংখ্যা বেড়ে চললেও অপ্রশস্ত রাস্তাঘাট বড় না করায় যানজট নিরসন করা সহজ হচ্ছে না।