সিলেটে চার গুণীকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সিলেটের চার গুণীকে সংবর্ধনা দিয়েছে মানবসেবায় নিবেদিত সংগঠন ‘সিলেট বিবেক’। গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরের বন্দরবাজার এলাকার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।
সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন মো. আবদুল আজিজ (ভাষাসংগ্রামী), রণজিৎ দাস (ক্রীড়া ব্যক্তিত্ব), মালতী রানী শুক্লবৈদ্য (মুক্তিযুদ্ধ) ও হাবিবা আক্তার (সাহসিকা জয়িতা)।
১ মার্চ প্রথম আলোয় ‘শৃঙ্খল ভেঙেছেন হাবিবা’ শীর্ষক শনিবারের বিশেষ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আয়োজকেরা তাঁকেও সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেন।
আয়োজক সংগঠনটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। অতিথির বক্তব্য দেন সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ। আয়োজক সংগঠনের সমন্বয়ক নীরেশ চন্দ্র দাশ, সভাপতি জ্যোতির্ময় সিংহ মজুমদার, সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ বিশ্বাস, ব্যাংক কর্মকর্তা বীরেন্দ্র সূত্রধর প্রমুখ বক্তব্য দেন। পরে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়।