সিলেটে চার চিকিৎসা কেন্দ্রকে জরিমানা
অপরিচ্ছন্ন পরিবেশে রক্ত সংরক্ষণ করার দায়ে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে সিলেট নগরের মধুশহিদ এলাকার বেসরকারি হাসপাতাল ‘আল রাইয়ান হাসপাতাল’কে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নুরুল হুদার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এ জরিমানা করা হয়।
এই হাসপাতালে গত ২২ আগস্ট এক নবজাতক চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে লাশ আটকে রেখে অস্বাভাবিক চিকিৎসা বিল আদায় করা হয়েছিল। এ নিয়ে ২৬ আগস্ট প্রথম আলোয় ‘নবজাতকের লাশ আটকে রেখে অস্বাভাবিক বিল আদায়’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
অভিযান চালানোর সময় ভ্রাম্যমাণ আদালত হাসপাতালের রক্ত সংরক্ষণ দপ্তরে গিয়ে অপরিচ্ছন্ন পরিবেশ দেখতে পায়। নির্বাহী হাকিম নুরুল হুদা বলেন, রক্ত সংরক্ষণের সর্বোচ্চ সময়সীমা ২১ দিন। কিন্তু এখানে রক্ত সংরক্ষণ করার কোনো দিনক্ষণ পাওয়া যায়নি। তা ছাড়া রক্ত সংরক্ষণের স্থানে ভাত, তরকারিও রাখা হয়েছে। তাই অপরিচ্ছন্ন পরিবেশের কারণে জরিমানা করা হলো।
এ ব্যাপারে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বলেন, ‘রক্ত সংরক্ষণে আরও সচেতনতা প্রয়োজন ছিল। আমি নার্সদের ভালোভাবে ব্রিফ করতে পারিনি। তাই তাঁরা অপরিচ্ছন্নভাবে রক্ত সংরক্ষণ করে রেখেছিলেন। ভবিষ্যতে এ বিষয়ে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করা হবে।’
আল রাইয়ান হাসপাতাল ছাড়াও গতকাল মধুশহিদ এলাকায় জালালাবাদ ক্লিনিক, গ্রামীণ হাসপাতাল ও ট্রাস্ট মেডিকেল সার্ভিসেস নামের আরও তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্সের মেয়াদ না থাকাসহ বিভিন্ন অভিযোগে ১৫ হাজার টাকা করে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে তিন প্রতিষ্ঠানকে।