সিলেটে চার মামলার অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর নিখোঁজের ঘটনায় পুলিশের অস্ত্র ছিনতাইসহ সিলেটে হরতালের আগে ও পরে গাড়ি পোড়ানো এবং ভাঙচুর ঘটনায় দায়ের করা চারটি মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।সিলেট মহানগরের তিনটি থানায় দায়ের করা চার মামলার অভিযোগপত্র সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা যথাক্রমে দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম, মোগলাবাজার থানার এসআই আজহারুল ইসলাম, জালালাবাদ থানার এসআই সঞ্জিত দাস গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে দাখিল করেন। চারটি মামলায় নাম উল্লেখ করে ২৪১ জন বিএনপির কর্মী-সমর্থককে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার খবর শুনে পরদিন ১৮ এপ্রিল ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরের কাছে পুলিশের অস্ত্র ছিনতাইসহ গাড়ি ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে দুটি মামলা হয়েছিল মোগলাবাজার থানায়। এ মামলায় তদন্ত শেষে এসআই আজহারুল ইসলাম বিএনপির কর্মী-সমর্থক ২৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। অজ্ঞাত আরও দুই শতাধিক বিএনপির কর্মী-সমর্থককে ঘটনার জন্য অভিযুক্ত করা হয়।একই দিন সিলেটের দক্ষিণ সুরমা ও জালালাবাদ থানা এলাকায় হরতাল সামনে রেখে গাড়ি ভাঙচুর ঘটনায় দ্রুত বিচার আইনে আরও দুটি মামলা হয়। এতে ১৬০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ২৮ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। ২০ এপ্রিল সিলেটের কিন ব্রিজের দক্ষিণ তীরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসচালক ইন্তাজ আলী দক্ষিণ সুরমায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন। এসআই আমিরুল ইসলাম ঘটনার তদন্তে নেমে পরদিন ২১ এপ্রিল সিলেট নগরের ভার্থখলার বাহারউদ্দিন (৩৩) ও খজারখলার সোহেল আহমদ (২৭) নামে দুই যুবককে গ্রেপ্তার করেন। অভিযোগপত্রে ওই দুজনসহ ৫৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।