সিলেটে চিকিৎসকের ঈশ্বরগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে একটি বেসরকারি হাসপাতালের কক্ষ থেকে গত বৃহস্পতিবার রাতে এনজেল শুভাগত বৈদ্য (৪০) নামের এক চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে নিলুফা আক্তার (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক এনজেল শুভাগত বৈদ্যর সিলেট নগরের স্টেডিয়াম মার্কেটে প্রাইভেট চেম্বার ছিল। প্রতিদিন সন্ধ্যার পর তিনি হাসপাতাল থেকে চেম্বারে যেতেন। বৃহস্পতিবার রাত আটটা বেজে গেলেও তিনি চেম্বারে না যাওয়ায় সেখানকার দপ্তরি আবুল হোসেন তাঁর বাসায় যোগাযোগ করেন। না পেয়ে এনজেলের মুঠোফোনে ফোন দেন। বারবার ফোন বাজার পরও তিনি ধরছিলেন না। পরে পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে রাত আটটার দিকে গিয়ে এনজেলের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পান। জানালা দিয়ে তখন এনজেলের লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাতেই সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
একই রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের খৈরাটি গ্রাম থেকে গৃহবধূ নিলুফা আক্তারের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামী মাহবুব মিয়াকে (২৭) আটক করেছে পুলিশ।
পরিবার জানায়, খৈরাটি গ্রামের মাহবুব মিয়ার সঙ্গে চার বছর আগে বিয়ে হয় গফরগাঁও উপজেলার ঘাগড়া গ্রামের নিলুফা আক্তারের। বিয়ের সময় মাহবুবকে নিলুফার পরিবার ২০ হাজার টাকা যৌতুক দেয়। কয়েক দিন ধরে আবারও পাঁচ হাজার টাকার জন্য স্ত্রীকে চাপ দেন মাহবুব। এতে রাজি না হওয়ায় নিলুফার ওপর নির্যাতন শুরু হয়। গত বুধবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন মাহবুব।
ঈশ্বরগঞ্জ থানার এসআই মাসুদ রানা জানান, নিলুফার মা রানী বেগম বৃহস্পতিবার রাতে থানায় মাহবুবকে আসামি করে মামলা করেছেন।