সিলেটে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের শিশু বিভাগের সহকারী অধ্যাপক মুজিবুল হকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চিকিৎসকেরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালের সামনে বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতি সিলেট শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মুজিবুল হক গত রোববার রাতে হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে একদল সন্ত্রাসী পেছন থেকে ছুরিকাঘাত করে তাঁকে রাস্তায় ফেলে যায়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। মেডিকেল কলেজের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ছাড়াও মুজিবুল হক বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও জেলা কমিটির সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
চিকিৎসকের ওপর হামলাকারী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়ে গতকাল দুপুের মানববন্ধন ও সমাবেশ করা হয়। বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতির জেলা সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ এন কে সিনহা, বিএমএ সিলেটের সভাপতি রুকন উদ্দিন আহমদ, হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান মনোজ্জির আলী, সাধারণ সম্পাদক দিলীপ কুমার ভৌমিক বক্তব্য দেন।