সিলেটে চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্তের বইয়ের প্রকাশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্তের বয়স এখন ৬৬ বছর। এই বয়সেও তিনি নিরলসভাবে রুচির দুর্ভিক্ষ তাড়াতে আলোকবর্তিকার ভূমিকা পালন করে চলেছেন। সিলেট অঞ্চলে চিত্রকলায় তিনি কয়েকটি সফল প্রজন্মই দাঁড় করিয়েছেন। তাঁর মেধা ও মননে এ অঞ্চলের চিত্রশিল্প পেয়েছে নবপ্রাণ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অরবিন্দ দাসগুপ্তের চারুকলার সামাজিক ইতিবৃত্ত বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। জেলা প্রশাসনের সহযোগিতায় সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের উদ্যোগে আয়োজিত বৈশাখী চারুকলা উৎসবে এ প্রকাশনা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধকের বক্তব্য দেন ঢাকা আর্ট কলেজের অধ্যাপক চিত্রশিল্পী অলকেশ ঘোষ।
অনুষ্ঠানে মহানগর পুলিশের উপকমিশনার রেজাউল করিম, প্রবীণ রাজনীতিবিদ বেদানন্দ ভট্টাচার্য, মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্কর, মদনমোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ ও নাট্যসংগঠক শামসুল বাসিত শোরো বক্তব্য দেন। আবৃত্তিকার আমিনুল ইসলাম চৌধুরীর সঞ্চালনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শামীম মজুমদার।
প্রকাশনা অনুষ্ঠান শেষে ১০ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। পরে সন্ধ্যা সাতটা থেকে শুরু হয় সিলেটের প্রবীণ বাউল আবদুর রহমানের বাউলগান পরিবেশনা।