সিলেটে ছড়া উদ্ধারকাজ পরিদর্শনে অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগর দিয়ে প্রবাহিত ছড়াগুলো থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘ছড়াগুলো এমন করুণ অবস্থায় আছে, আমাকে কেউ দেখায়নি, বলেওনি। আজ আমার চোখ খুলে গেছে। জলাবদ্ধতা থেকে মুক্ত করতে ছড়া উদ্ধার ছাড়া কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে আমার সহায়তা অব্যাহত থাকবে।’
গতকাল শনিবার সকালে অর্থমন্ত্রী সিটি করপোরেশনের উদ্ধার অভিযান চলা মঙ্গলী ছড়া ও গোয়ালী ছড়ার একাংশ পরিদর্শন করেন।
সকাল ১০টায় সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে সঙ্গে নিয়ে ভুবি ছড়ার রিকাবীবাজার মাদারকেয়ার ক্লিনিক ও সিলেট জেলা স্টেডিয়ামের পেছনের অংশ এবং গোয়ালী ছড়ার ফরহাদখাঁর পুল, সোনারপাড়া ও খাঁপাড়া অংশ পরিদর্শন করেন। তিনি রিকশায় করে মঙ্গলী ছড়ার অবৈধ দখলমুক্ত অংশ পরিদর্শন করেন।
সিলেট নগরের উত্তর দিকের চা-বাগানের টিলা-পাহাড় থেকে নয়টি ছড়া প্রবাহিত। সিটি করপোরেশনের হিসাব অনুযায়ী, প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ প্রতিটি ছড়া অবৈধ দখলের কারণে কোথাও কোথাও অস্তিত্বহীন হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই নগরে জলাবদ্ধতা দেখা দেয়।
সিটি করপোরেশনের সূত্র জানায়, প্রাথমিকভাবে গোয়ালী ছড়া ও মঙ্গলী ছড়ার একাংশ দখলমুক্ত করার পর নয়টি ছড়া নিয়ে জরিপ হয়। এতে নগর পরিকল্পনাবিদের মতামত অনুসারে দখলচিত্র তুলে ধরে বলা হয়, নয়টি ছড়ায় এক হাজার বহুতল ভবন ও ছোট-বড় অবৈধ স্থাপনা দিয়ে দখল করা হয়েছে। ছড়া দখলমুক্ত করে পানির প্রাকৃতিক প্রবাহ স্বাভাবিক না করতে পারলে সিলেট নগর জলাবদ্ধতা থেকে মুক্ত হবে না।
৬ নভেম্বর কাউন্সিলর ও নগর পরিকল্পনাবিদের পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করতে মেয়র আরিফুর হক সংবাদ সমেঞ্চলন করেন। এতে নয়টি ছড়া মুষ্টিমেয় কিছু দখলদার দখল করে রাখায় পুরো নগরবাসীর ভোগান্তির বিষয়টি তুলে ধরে ছড়া দখলমুক্ত করতে সর্বস্তরের নাগরিকদের সহায়তা কামনা করা হয়। পরদিন থেকে মঙ্গলী ছড়ায় খননযন্ত্র দিয়ে অবৈধ দখলমুক্ত করার কার্যক্রম শুরু হয়।