সিলেটে ছড়া দখল করে এক হাজার ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগর দিয়ে প্রবাহিত নয়টি ছড়া (খাল) দখল করে এক হাজার অবৈধ ভবন গড়ে তোলা হয়েছে। ব্যক্তি ও প্রতিষ্ঠানের মালিকানাধীন এসব ভবনের মধ্যে সর্বোচ্চ নয়তলাও রয়েছে। ছড়া দখল করে ভবন নির্মাণের কারণে কোনো কোনো জায়গায় ছড়ার গতিপথও পরিবর্তন হয়েছে।
সিলেট নগর উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়নকারী ‘শেলটেক’ নামের একটি সংস্থার সরেজমিন অনুসন্ধানে এ চিত্র পাওয়া গেছে। অবৈধ দখলসংক্রান্ত তথ্য গতকাল বুধবার সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয়। দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করে সিলেট সিটি করপোরেশন। সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের ছড়া দখলমুক্ত করার চলমান অভিযানে নগরবাসীর সহায়তা কামনা করা হয়।
এতে জানানো হয়, মালনি ছড়া, কালীবাড়ি ছড়া, মঙ্গলী ছড়া, যোগিনী ছড়া, হলদি ছড়া, ভুবি ছড়া, গোয়ালী ছড়া, ধোপা ছড়া ও গাভিয়ার খাল নামের নয়টি ছড়া নগরের উত্তর দিকের পাহাড়-টিলা ও বিভিন্ন চা-বাগান থেকে নেমে দক্ষিণে সুরমা নদীতে মিলিত হয়েছে। ওই নয়টি ছড়া দিয়ে বর্ষাকালে বৃষ্টির পানি নিষ্কাষণ হয়। ছড়াগুলো অবৈধ দখলে যাওয়ায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতামুক্ত করতে হলে ছড়া পুনরুদ্ধার করা ছাড়া কোনো বিকল্প নেই।
শেলটেকের নগর পরিকল্পনাবিদ মো. আল আমিন এ-সংক্রান্ত তথ্যাদি উপস্থাপন করে বলেন, ছড়ার ওপরের অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে ছড়াকে স্বাভাবিক অবস্থায় ফেরানো যাবে না।
আর ছড়া স্বাভাবিক অবস্থায় না ফিরলে নগরে জলাবদ্ধতা কমবে না। ছড়ার ওপর নির্মিত ভবনগুলো সিটি করপোরেশনের অনুমোদিত, অবৈধ ভবনের অনুমোদন দেওয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না—জানতে চাইলে মেয়র বলেন, ‘এটা তো আমারও প্রশ্ন। ছড়ার রক্ষক যদি এ সম্পর্কে সচেতন থাকত, তাহলে অবৈধ দখল হতো না।’
মেয়র জানান, ছড়া দখলমুক্ত করার অভিযান শুরুর সঙ্গে সঙ্গে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট দপ্তরকেও এ ব্যাপারে অনুসন্ধান করতে বলা হয়েছে। অবৈধ প্রক্রিয়ায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার পাশাপাশি ছড়া দখলমুক্ত করার অভিযান চলমান থাকবে।