সিলেটে ছাত্র হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন
সিলেটে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র খালেদুজ্জামান খালেদকে (২০) অপহরণের পর হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী গতকাল মঙ্গলবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার উত্তম চন্দ্র গ্রামের হুমায়ুন কবির (২৬), গোলাপগঞ্জ উপজেলার উত্তরপাড়া গ্রামের ফাহিম আহমদ (২৬) ও জকিগঞ্জ উপজেলার বিলেরবন্দ গ্রামের মুকিত আল মাহমুদ (২৩)।
মামলায় অপর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের বেকসুর খালাস দিয়েছেন। তাঁরা হলেন হুমায়ুনের মা রিনা বেগম, তাঁর বোন লাকি বেগম ও ডলি বেগম, বিয়ানীবাজারের সাইব উদ্দিন ও গৌছ উদ্দিন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২১ জুলাই সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খালেদুজ্জামানকে সিলেট নগরের বন্দরবাজার থেকে অপহরণ করা হয়। অপহরণের পর ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় তাঁর বাবা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নিমাদল গ্রামের বাসিন্দা ছালেহ আহমদের কাছে।