সিলেটে ছাত্রদল নেতার ভাইকে মারধর, প্রাইভেটকার ভাঙচুর
সিলেট শহরে ছাত্রদলের এক নেতাকে মারধর করতে গিয়ে তাঁর বড় ভাইকে পিটিয়ে আহত করেছে একদল যুবক। গতকাল বুধবার দুপুরে শহরের নয়াসড়ক এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষুব্ধ যুবকেরা ছাত্রদল নেতার ভাইয়ের ব্যবহূত প্রাইভেটকারটিও ভাঙচুর করে। ভুক্তভোগী ওই যুবক ছাত্রদলের সিলেট মহানগর শাখার দপ্তর সম্পাদক ও সরকারি কলেজ শাখার সভাপতি আবদুর রকিব চৌধুরীর বড় ভাই হাসিব চৌধুরী। বিএনপি ও ছাত্রদলের একাংশের নেতারা দাবি করেছেন, আজ বৃহস্পতিবার সিলেট বিএনপির একাংশের সমাবেশ বানচাল করতে ছাত্রদলের একটি ‘বিচ্ছিন্ন শক্তি’ এ হামলা করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, রকিব চৌধুরী ও হাসিব চৌধুরী দুপুরে নয়াসড়ক এলাকায় ঠিকানা টাওয়ার নামের একটি ভবনের সামনে গাড়ি থেকে নামছিলেন। এ সময় ১০-১২ জন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রকিবকে মারধর করতে সেখানে অবস্থান নেয়। যুবকদের বাধা দেওয়ার চেষ্টা করলে হাসিব চৌধুরীকে মারধর করে তাঁর ব্যবহূত প্রাইভেটকার ভাঙচুর করে পালিয়ে যায় ওই যুবকেরা। ওই সময় রকিব ভবনের ভেতরে গিয়ে আশ্রয় নেন। মারধরের পর আহত হাসিবকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।মহানগর ছাত্রদলের সভাপতি জিয়াউল গণি আরেফিন বলেন, ‘তাঁদের ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটেছে। ছাত্রদল বা বিএনপির নাম নিয়ে ঘটনাটি তাঁরা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।’ সিলেট কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।বিএনপির একাংশের বিক্ষোভ: আবদুর রকিবের বড় ভাইকে মারধর করার প্রতিবাদে বিএনপির একাংশ গতকাল সন্ধ্যায় নগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। আম্বরখানা মোড়ে মহানগর বিএনপির আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাহের শামীম, আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসিম হোসাইন প্রমুখ।