সিলেটে ছাত্রদল নেতার মুক্তির দাবিতে কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে কোরবানির পশুর হাট থেকে গ্রেপ্তার হওয়া ছাত্রদল জেলা শাখার সাধারণ সম্পাদক রাহাত চৌধুরীর মুক্তির দাবিতে দুই দিনের টানা কর্মসূচি ঘোষণা করেছে জেলা ও নগর ছাত্রদল। গতকাল শুক্রবার জেলা ও নগর ছাত্রদলের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, দুই দিনের কর্মসূচির প্রথম দিন কাল রোববার সিলেটের সব উপজেলা, পৌর ও শিক্ষাপ্রতিষ্ঠান শাখা বিক্ষোভ মিছিল করবে। পরদিন সোমবার নগর ছাত্রদলের অধীন ওয়ার্ড ও কলেজ-বিশ্ববিদ্যালয় শাখা বিক্ষোভ মিছিল করবে।
জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, গত রোববার রাতে ছাত্রদল নেতা রাহাত চৌধুরীকে নগরের সোবহানীঘাট এলাকার কোরবানির পশুর হাট থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) একটি দল আটক করে। পরদিন র্যাব তাঁকে শাহপরান থানায় সোপর্দ করে। পুলিশ ওই দিনই নাশকতা সৃষ্টির অভিযোগে হওয়া দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠায়।
জেলা ও নগর ছাত্রদল ওই দিন বিবৃতি দিয়ে ঈদের আগের দিন রাহাতের গ্রেপ্তার করার বিষয়টি রাজনৈতিক হয়রানি বলে দাবি করে।