সিলেটে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ ক্লিনিক ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের কুয়ারপার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গতকাল শুক্রবার জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এক পক্ষের কর্মীরা প্রতিপক্ষের একটি বেসরকারি ক্লিনিকের দপ্তর ভাঙচুর করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মহল্লার আধিপত্য নিয়ে ছাত্রদলের দেওয়ান আরাফাত চৌধুরী ওরফে জাকিরের পক্ষের সঙ্গে সিদ্দিকুর রহমান ওরফে শামীমের দ্বন্দ্ব ছিল। তাঁরা মহানগর ছাত্রদলের সদস্য। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে জাকিরের কুয়ারপার বাসায় তাঁর এক আত্মীয়ের একটি মোটরসাইকেল ভাঙচুর করে শামীমের অনুসারীরা। পরে তারা জাকিরের পরিচালনাধীন একটি ক্লিনিকের দপ্তর ভাঙচুর করে। এ ঘটনায় জাকিরের অনুসারীরা শামীমের অনুসারীদের ধাওয়া করলে কুয়ারপার এলাকায় উভয় পক্ষ বিচ্ছিনভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের তিনজন কর্মী আহত হয়। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল সন্ধ্যার পর ঘটনাস্থলে গেলে দুই পক্ষের নেতা-কর্মীরা গা ঢাকা দেন। ওসি মোহাম্মদ আলী জানান, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার হওয়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে।দেওয়ান আরাফাত চৌধুরী দাবি করেন, ছাত্রদলের ভেতর একটি চক্র তাঁর বিরুদ্ধে লেগেছে।