সিলেটে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ ১০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বিএনপির বিক্ষোভ কর্মসূচি থেকে ফেরার পথে জিন্দাবাজার এলাকায় ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।সংঘর্ষ চলাকালে জিন্দাবাজার থেকে চৌহাট্টা সড়ক দিয়ে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচি উপলক্ষে গতকাল শনিবার সিলেটে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। বিকেল পাঁচটায় বিএনপির বিক্ষোভে একাত্ম হয় জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পক্ষ। নগরের চৌহাট্টা মোড়ে গিয়ে বিক্ষোভ শেষ হলে সেখান থেকে ফেরার পথে ছাত্রদলের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।বিকেল সাড়ে পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত দা, রামদা, হকিস্টিক, রড নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া করে। এ সময় জিন্দাবাজার মোড় থেকে কাজী ইলিয়াস সড়ক পর্যন্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে ছাত্রদলের কর্মী শহিদুল ইসলাম, শামছুল ইসলাম, ইনু আহমেদ, মুর্শেদ আহমদ, সুজন ও জুবের আহমদকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের ‘পুরানলেন’ ও ‘কাজী ইলিয়াস’ পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।যোগাযোগ করলে পুরানলেনের পক্ষে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ বলেন, ‘বিক্ষোভ সমাবেশ শেষে চৌহাট্টা থেকে জিন্দাবাজার আসার পথে কাজী ইলিয়াস পক্ষের ছাত্রদলের নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। আমরা নিরস্ত্র ছিলাম। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে পরিকল্পিতভাবে হামলা করেছে।’কাজী ইলিয়াস পক্ষের ছাত্রদলের দক্ষিণ সুরমা উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকসুদ আহমদ হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ‘চৌহাট্টা থেকে ফেরার পথে পুরানলেন পক্ষের নেতা-কর্মীরা হামলা চালায়। এ হামলা প্রতিহত করতে গিয়ে কিছু ইটপাটকেল নিক্ষেপ করলে হামলাকারীরা পালায়।’সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ বলেন, প্রকাশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শনকারীদের তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।