সিলেটে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

সিলেটে ছাত্রদল নেতা জিল্লুল হক হত্যার প্রতিবাদে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করতে গিয়ে গতকাল বুধবার সংগঠনের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২৭ জুন গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জিল্লুল প্রতিপক্ষের হামলায় নিহত হন। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে মহানগর ছাত্রদলের সভাপতি জিয়াউল গণি আরেফিনের নেতৃত্বে গতকাল বিকেল তিনটার দিকে নগরের নয়াসড়ক থেকে একদল নেতা-কর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পরে মিরবক্সটুলায় আসে।
অপরদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে শাখা ছাত্রদলের নেতা তাওহীদ ও গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের নেতা জিল্লুল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বেলা আড়াইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে সংগঠনের অপর অংশ। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় সহসভাপতি আবদুল আহাদ খান।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি শেষে দুই পক্ষের নেতা-কর্মীরা মিরবক্সটুলা এলাকায় মুখোমুখি হন। এ সময় এক পক্ষের নেতা-কর্মীরা অপর পক্ষকে ধাওয়া দেয়। তখন লোহার রড, রাম দা ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে রাজ, রানা ও জুবের নামের তিন কর্মীকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সংঘর্ষ চলাকালে একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটালে মীরবক্সটুলা মহল্লায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এলাকাবাসী সংগঠিত হয়ে ধাওয়া দিলে দুই পক্ষের নেতা-কর্মী ও সমর্থকেরা পালিয়ে যান। এলাকাবাসীর ধাওয়াকালে নয়াসড়কের কাছে ছাত্রদলের এক পক্ষের ফেলে যাওয়া মোটরসাইকেল পুড়িয়ে দেয় অন্য পক্ষ।
নগর ছাত্রদলের সভাপতি জিয়াউল গণি আরেফিন প্রথম আলোকে বলেন, সংগঠনের একজন নেতা হত্যার বিচার দাবি পূরণের নামে একটি চক্র বিএনপি ও ছাত্রদলের ত্যাগী নেতাদের চরিত্র হননে নেমেছে। গতকাল বিক্ষোভ কর্মসূচিতে ওই চক্র ককটেল বিস্ফোরণ ঘটায়।
অপরদিকে ছাত্রদলের অপর পক্ষের নেতা আবদুল আহাদ খান বলেন, ‘শহীদ মিনার থেকে মানববন্ধন করে ফেরার পথে মিরবক্সটুলা এলাকায় আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। জিয়াউলের অনুসারীরা কককেটল বিস্ফোরণ ঘটান।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দুই পক্ষ পালিয়ে যায়। নয়া সড়ক থেকে মিরবক্সটুলা পর্যন্ত পুলিশ টহল বাড়ানোয় পরিস্থিতি শান্ত হয়।