গণসংযোগে হয়রানি করছে পুলিশ: বিএনপির মেয়র প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর ঘনিষ্ঠ ও তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহকারী জুরেজ আবদুল্লাহ গুলজারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে শহরের হাওয়াপাড়ায় নিজ বাসা থেকে কোতোয়ালি মডেল থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। জুরেজ সিলেটের নাগরিক সংগঠন অ্যাসিড সন্ত্রাস নির্মূল কমিটির সাধারণ সম্পাদক।

জুরেজ আবদুল্লাহ গুলজারকে পুলিশের ওপর হামলার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ঘটনার পর আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হাওয়াপাড়া এলাকায় গণসংযোগ করেন আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি বলেন, ‘জুরেজ ব্যবসায়ী পরিবারের ছেলে। সে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নয়। আমাকে ভালোবেসে আমার গণসংযোগে নিয়মিত অংশ নেয়। এটা তার নাগরিক অধিকার। শুধু এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু জুরেজই নয়, আমার পক্ষে যারা গণসংযোগে অংশ নিচ্ছে, তাদের বাসায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।’

আরিফুল হক অভিযোগ করেন, গতকাল নগরের কালীঘাট এলাকায় তাঁর গণসংযোগে অংশ নেওয়া অনেকের বাসায় রাতে পুলিশ তল্লাশি চালিয়েছে। একটি দলকে বিজয়ী করতে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের হয়রানি শুরু করেছে।

এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে তা অস্বীকার করেন সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার। প্রথম আলোকে তিনি বলেন, ‘পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার অভিযান পুলিশের দৈনন্দিন কার্যক্রমের অংশ। কাউকে হয়রানি করা হচ্ছে না।’

পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ২৩ জুন বিকেলে নগরীর কাজিরবাজার এলাকায় বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয় জেলা ও মহানগর ছাত্রদল। এ সময় অনুমতি না থাকায় পুলিশ তাদের বাধা দিলে নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে ২৬ জুন ছাত্রদলের অজ্ঞাতনামা দেড় শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। এ মামলায় জুরেজকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার পুলিশের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য জানিয়েছে।