সিলেট সরকারি কলেজে গতকাল বুধবার দুপুরে ছাত্রদলের এক কর্মীর ওপর ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জের ধরে গতকাল রাতে ছাত্রলীগের দুই কর্মীকে ছাত্রদলের কর্মীরা কুপিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে রাত সাড়ে আটটার দিকে স্থানীয় একটি পত্রিকার কার্যালয়ে হামলা করা হয়।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রদলের কর্মী আলী আহমদ চৌধুরীকে ক্যাম্পাসে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছাত্রলীগের কয়েকজন কর্মী। সাধারণ শিক্ষার্থীরা আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।এ ঘটনার জের ধরে সন্ধ্যার পর নগরের শিবগঞ্জ এলাকায় সিলেট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রলীগের কর্মী রায়হান আহমদ ও সবুজ দেব ছাত্রদলের একটি পক্ষের কর্মীদের আক্রমণের মুখে পড়ে। ক্ষুব্ধ ছাত্রদলের কর্মীরা রায়হানের দুই হাতের এবং সবুজের ডান হাতের কবজিতে কুপিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় দুজনকে সিলেট ওসমানী মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত আটটায় দুজনের হাতে অস্ত্রোপচার চলছিল বলে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।সরকারি কলেজে ও জেলায় ছাত্রদলের কোনো কমিটি না থাকায় এ ব্যাপারে এ সংগঠনের কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক দেবাংশু দাস প্রথম আলোকে বলেন, কলেজ ক্যাম্পাসের ঘটনাটি বিচ্ছিন্ন। রায়হান ও সবুজ সন্ধ্যায় ব্যায়ামাগারে যাচ্ছিল। ক্যাম্পাস থেকে বিতাড়িত হওয়া ছাত্রদলের কর্মীরা পথে শিবগঞ্জের কাছে ছাত্রলীগের ওই দুই কর্মীর ওপর হামলা করে।এ ঘটনার জের ধরে ছাত্রলীগের কয়েকজন কর্মী গতকাল রাত সাড়ে আটটায় সিলেট নগরের মিরাবাজার এলাকায় স্থানীয় দৈনিক শ্যামল সিলেট-এর কার্যালয়ে হামলা চালিয়ে ছয়টি মোটারসাইকেল ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।