সিলেটে ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় আটক ১

সিলেটে ছাত্রলীগ কর্মী ওমর মিয়াদ (২২) হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ কর্মী তোফায়েল আহমদ ওরফে তোফাকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার ভোরে ঢাকার শেরেবাংলা নগরস্থ জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে আটক করে পুলিশ। সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত সোমবার টিলাগড়ে ছাত্রলীগের অন্তর্দ্বন্দ্বে ছুরিকাঘাতে খুন হন ছাত্রলীগ কর্মী ওমর মিয়াদ। তিনি লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁকে ছাত্রলীগ কর্মী তোফায়েল ছুরিকাঘাত করে বলে অভিযোগ উঠে।
তোফায়েল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীর পক্ষের কর্মী। এ ঘটনার পর ওই দিন রাতেই রায়হানের বাসা তল্লাশি করে পুলিশ নিশ্চিত হয় তোফায়েল আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন।
মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার জ্যোতির্ময় সরকারের নেতৃত্বে একটি দল গতকাল রাতে প্রযুক্তিগত সহায়তায় তোফায়েলের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। আজ ভোর ছয়টার দিকে ঢাকা মহানগর পুলিশের সহায়তায় তোফায়েলকে আটক করা হয়েছে।