সিলেটে ছাত্রলীগ কর্মী হত্যার ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ছাত্রলীগের কর্মীদের ছুরিকাঘাতে সংগঠনটির কর্মী জাকারিয়া মোহাম্মদ মাসুম (২৪) হত্যার ঘটনায় জড়িত কাউকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই হত্যার ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলাও হয়নি।

পুলিশ বলেছে, মাসুমের পরিবার হত্যাকাণ্ডে জড়িত অভিযোগ করে ছাত্রলীগের যে কয়েকজন নেতা-কর্মীর নাম প্রকাশ করেছে, তাঁদের গ্রেপ্তারে গত বুধবার রাতেই সিলেট মহানগরের শাহপরান থানার পুলিশ অভিযান চালিয়েছে। তবে কেউ গ্রেপ্তার হয়নি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা বলেন, মাসুমের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি। তবে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।

গতকাল দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মাসুমের লাশ তাঁর পরিবারের জিম্মায় দেওয়া হয়। বাদ আসর জানাজা শেষে নগরের মানিকপীর টিলা কবরস্থানে মাসুমকে দাফন করা হয়। তাঁর ছোট ভাই সাইফুল্লাহ মোহাম্মদ খালেদ বলেন, দাফন শেষ হওয়ায় তাঁরা এখন মামলার প্রস্তুতি নিয়েছেন।

পরিবারের অভিযোগ, গত বুধবার বিকেলে সাইফুল্লাহকে জিম্মি করে তাঁর মাধ্যমে মাসুমকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে সিলেটের এমসি কলেজ শাখা ছাত্রলীগের একটি পক্ষ।

মাসুম যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী সমর্থিত জেলা ছাত্রলীগের নতুন একটি পক্ষ ‘সুরমা গ্রুপের’ কর্মী ছিলেন। বুধবার রাতে নগরের চৌহাট্টা এলাকায় জেলা ছাত্রলীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক বিপ্লব কান্তি দাসের নেতৃত্বে বিক্ষোভ থেকে মাসুম হত্যাকাণ্ডের জন্য ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীকে দায়ী করা হয়।

টিটু ছাত্রলীগের জেলা বা নগর কমিটির কোনো পদে না থাকলেও এমসি কলেজে তাঁর নেতৃত্বাধীন একটি পক্ষ আছে। গত ১৩ জুলাই এই কলেজের ছাত্রাবাস ভাঙচুর হয়েছিল টিটু চৌধুরীর নেতৃত্বে। ছাত্রাবাস ভাঙচুরের ঘটনায় কলেজ কর্তৃপক্ষের করা মামলার প্রধান আসামি তিনি।